রাষ্ট্রপতিকে সিলেটে আবার আসার আহবান আরিফের

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৬

সিলেটের মানুষের প্রত্যাশা পূরণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহযোগিতা চেয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সিলেট বিভাগের মানুষের আশা—আকাঙ্ক্ষা এবং প্রবাসীদের প্রত্যাশা পূরণে রাষ্ট্রপতি বলিষ্ঠ ভূমিকা রাখবেন এটাই তাঁদের প্রত্যাশা।

 


বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন—সংগ্রামের সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে গিয়েছেন। এ কারণে সিলেটের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সিলেটের মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 
তিনি বলেন, সিলেট বিভাগের মানুষের অবস্থা সম্পর্কে আপনি ভালোভাবে অবহিত। এই বিভাগের মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও আপনার জানা আছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্ষেত্রে সিলেটের মানুষের প্রত্যাশা রয়েছে।

 


সিলেটের উন্নয়নে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সিলেট বিভাগের মানুষের প্রত্যাশা শুধু দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বিদেশে থাকা বিপুলসংখ্যক প্রবাসীরও নানা প্রত্যাশা রয়েছে। তাঁদের এসব প্রত্যাশা পূরণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। সিলেট বিভাগের মানুষের যে প্রত্যাশা, দেশে ও বিদেশে থাকা প্রবাসীদের যে প্রত্যাশা সেগুলো পূরণে আপনি সরকারের পক্ষ থেকে আগামী দিনে বলিষ্ঠ পদক্ষেপ নেবেন, এ প্রত্যাশা আমাদের।
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, জনগণ তাঁদের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে তাঁদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 


রাষ্ট্রপতিকে ভবিষ্যতে আরও বড় পরিসরে সিলেট সফরের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি কথা দিয়ে যান, আবার কবে সিলেটে আসবেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ কিংবা বড় কোনো মাঠে সিলেট বিভাগের মানুষকে নিয়ে এসে আপনি তাদের সঙ্গে কথা বলবেন এটাই আমাদের প্রত্যাশা।’

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার