প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৭
বৃষ্টি উপেক্ষা করে হঠাৎ ঝটিকা মিছিল ও মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস সড়কে ‘প্রত্যাবর্তন ২.০’ লেখা ব্যানার নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘প্রত্যাবর্তন ২.০’ লেখা ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্লোগান ছিল। ব্যানারে লেখা ছিল— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। হিসাব রাখো ক্যালেন্ডারে, খেলা হবে ডিসেম্বরে। প্রত্যাবর্তন ২.০।’ মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় সুনামগঞ্জ ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুল হোসেন পলাশকে।
মিছিলটি পরিচালনা করার সময় নেতাকর্মীদের মিছিলে ‘শেখ শেখ, শেখ মুজিব—লও, লও, লও সালাম’, ‘ভয় করি না মরণকে—মুজিব তোমার স্মরণে’, ‘শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘চলছে লড়াই চলবে—মুজিব সৈনিক লড়বে’, ‘জয় বাংলা—জয় বাংলা’ সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মীই নিজেদের পরিচয় আড়াল করতে মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে ছিলেন। রাস্তা দিয়ে অল্প সময় মিছিল নিয়ে হেঁটে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার পর শহরে সংগঠনটির নেতাকর্মীদের এটিই প্রথম ঝটিকা মিছিল। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হোসেন পলাশ ফেসবুকে ভিডিও শেয়ার করে লিখেছেন, প্রত্যাবর্তন—২ উপলক্ষে এবং বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল, কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউজের সামনে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল। রাজপথে প্রতিবাদ, রাজপথেই প্রতিরোধ— জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের বিষয়টি দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন