যেসব কারণে বাড়তে পারে পেটের ক্যানসারের ঝুঁকি, প্রতিরোধে করণীয়

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১১:২৯

সংগৃহীত ছবি 

বিশ্বজুড়ে প্রতি চারজন ক্যানসার রোগীর একজন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা জিআই ক্যানসারে আক্রান্ত হন। খাদ্যনালী, লিভার ও অগ্ন্যাশয়সহ পরিপাকতন্ত্রের যেকোনো অংশের ক্যানসারকে জিআই ক্যানসার বলা হয়। 

 


আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি তিন ক্যানসার মৃত্যুর একটির জন্য দায়ী এই জিআই ক্যানসার। বিশেষ করে ৫০ বছর বয়সি ব্যক্তিদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের মতো কিছু ক্যানসারের প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। ক্যানসারের জন্য তামাক ও অ্যালকোহল সেবন সুপরিচিত ঝুঁকিপূর্ণ উপাদান হলেও জিআই ক্যানসার কেবল এগুলোর মাধ্যমেই ব্যাখ্যা করা যায় না; বরং এখানে আরও কিছু কম দৃশ্যমান বিষয় রয়েছে, যা আমাদের নজরে আনা জরুরি।

 

 

এ বিষয়ে আজকের লেখায় আলোচনা করেছেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের পরিপাক রোগ ও ক্লিনিক্যাল নিউট্রিশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রাচী এস পাতিল।  

 

জীবনযাপন বা বিপাকীয় (মেটাবলিক) কারণ

 

পরিবর্তিত জীবনযাপনের কারণে স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা এবং ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ উপাদান হয়ে উঠছে। অতিরিক্ত ওজন বা স্থূলতা কোলোরেক্টাল, নিম্ন খাদ্যনালী, পিত্তথলি ও অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। কায়িক পরিশ্রমহীন জীবনযাত্রা কোলোরেক্টাল ক্যানসারের মতো জিআই ক্যানসারের উচ্চ ঝুঁকির সঙ্গে জড়িত। ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স অগ্ন্যাশয় ও কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ায়। মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি), যা সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত, লিভার ক্যানসারের একটি ঝুঁকি।

 

খাদ্যাভ্যাসজনিত কারণ


খাদ্যাভ্যাসের নানা উপাদানের সঙ্গে বিভিন্ন জিআই ক্যানসারের সম্পর্ক রয়েছে, অন্যদিকে আঁশসমৃদ্ধ খাবার, গোটা শস্য, ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস অনেক ক্যানসারের ঝুঁকি কমায়। অতিরিক্ত প্রক্রিয়াজাত ও লাল মাংস খাওয়ার সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সংযোগ রয়েছে। অতিরিক্ত লবণ ও লবণ দিয়ে সংরক্ষিত খাবার পাকস্থলির ক্যানসারের ঝুঁকি বাড়ায়। কম আঁশযুক্ত খাবার কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকিতে ভূমিকা রাখতে পারে। অতি-প্রক্রিয়াজাত খাবার খাওয়া কোলোরেক্টাল ক্যানসারের মতো জিআই ক্যানসারের একটি নতুন ঝুঁকিপূর্ণ উপাদান।

 

 

দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রদাহ

 

দীর্ঘদিন ধরে থাকা ও বিস্তৃত প্রদাহজনক অন্ত্রের রোগ (ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ) কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। পাকস্থলির ক্যানসারের একটি প্রধান ও প্রতিকারযোগ্য ঝুঁকিপূর্ণ উপাদান হলো হেলিকোব্যাক্টর পাইলোরি (এইচ পাইলোরি) সংক্রমণ। দীর্ঘস্থায়ী এই সংক্রমণ পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা ক্রনিক গ্যাস্ট্রাইটিস নামে পরিচিত এবং পাকস্থলির আস্তরণে প্রগতিশীল পরিবর্তন ঘটিয়ে ক্যানসারের সৃষ্টি করে। হেপাটাইটিস বি বা সি ভাইরাসের কারণে সৃষ্ট ক্রনিক ভাইরাল হেপাটাইটিস সিরোসিস ঘটাতে পারে এবং লিভার ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। দীর্ঘস্থায়ী অম্লপিত্ত বা অ্যাসিড রিফ্লাক্সের কারণে নিম্ন খাদ্যনালির শ্লেষ্মায় বা আস্তরণে প্রগতিশীল পরিবর্তন ঘটতে পারে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ে।

 

পারিবারিক ইতিহাস এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সিন্ড্রোম

 

কম বয়সে যেকোনো ক্যানসার হওয়া অথবা একাধিক নিকটাত্মীয়ের ক্যানসারে আক্রান্ত থাকার বিষয়টি লিঞ্চ সিন্ড্রোমের মতো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্যানসারের ঝুঁকির সম্ভাবনা তৈরি করে।

 

ক্যানসারের বিপদের লক্ষণ বা ‘অ্যালার্ম সিম্পটমস’


ক্রমাগত মলদ্বারে রক্তপাত, অকারণে রক্তস্বল্পতা, ওজন হ্রাস বা মলত্যাগের অভ্যাসে দীর্ঘস্থায়ী পরিবর্তন উদ্বেগের বিষয় এবং এগুলোকে ‘বিপদ লক্ষণ’ হিসেবে বিবেচনা করা উচিত। দুর্ভাগ্যবশত, এগুলোকে সহজেই অর্শ্বরোগ (পাইলস), এসিডিটি বা জীবনযাত্রাজনিত সাধারণ সমস্যা বলে ধরে নেওয়া হয়। বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সি কারও ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিলে যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

 

প্রতিরোধ

 

তামাক ও অ্যালকোহল বর্জন করা জিআই ক্যানসার প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ, তবে এটি পুরো বিষয়ের কেবল একটি অংশ মাত্র। বিপাকীয় স্বাস্থ্য, জীবনযাত্রা, সংক্রমণ, খাদ্যাভ্যাস এবং পারিবারিক ইতিহাসসহ নানা বিষয়ের সঙ্গে জিআই ক্যানসারের ঝুঁকি জড়িত থাকতে পারে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, শারীরিকভাবে সক্রিয় থাকা, আঁশসমৃদ্ধ খাবার, গোটা শস্য, ফলমূল ও শাকসবজি খাওয়া, অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস ও লবণ এড়িয়ে চলা, প্রয়োজনমতো এইচ পাইলোরি’র চিকিৎসা করা, ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ করা এবং পারিবারিক ইতিহাস সম্পর্কে জানা—এসব পদক্ষেপে বিরাট পরিবর্তন আসতে পারে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার