প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২২:১৮
প্রতীকী ছবি।
ছাতকে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত নুরজাহান বেগম (৬০) নামে এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর ছাতক—দোয়ারাবাজার সড়কের বাতিরকান্দি এলাকায় নিজ বাড়ির পাশে সড়ক পারাপার বা দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া গতির একটি অটোরিকশা তাঁকে তীব্র ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
নিহত নুরজাহান বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদের স্ত্রী এবং পশ্চিম নোয়ারাই শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি লোকমান আহমদের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর পর উদ্ধার করে তাঁকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৯ সেপ্টেম্বর ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
সেদিনই বাদ মাগরিব পাটিবাগ জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন