১০ মাস অপেক্ষার পর গেজেটে নাম না থাকায় হতাশ তাহমিদ

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২৩:০৫

৪৯তম বিসিএসে ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও প্রকাশিত গেজেটে নাম না থাকায় হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান আহমদ তাহমিদ। গেজেট থেকে তার নাম বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় নি।

 

 


বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর তালিকায় নিজের নাম না দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাহমিদ। তাহমিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮—১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে তিনি ৪৯তম বিসিএসে ১২তম স্থান অধিকার করেছিলেন বলে জানা গেছে।

 


তাহমিদের ভাষ্য, গত বছরের জুন থেকে বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন তিনি। প্রথমে ব্যাংকের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাতেও উত্তীর্ণ হন। তবে ৪৯তম বিসিএসের পরীক্ষা সামনে থাকায় এক বড় ভাইয়ের পরামর্শে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতি স্থগিত রেখে ৪৯তম বিসিএসের প্রস্তুতিতে মনোযোগ দেন।


৪৯তম বিসিএসের পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাকে ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশ করে বলে জানান তিনি। তাহমিদের দাবি, এটিই ছিল তার জীবনের প্রথম চাকরির মৌখিক পরীক্ষা এবং তিনি ভালোভাবেই ভাইভা সম্পন্ন করেছিলেন।

 


চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট প্রকাশের অপেক্ষায় প্রায় ১০ মাস অনিশ্চয়তার মধ্যে ছিলেন বলে জানান তাহমিদ। তার দাবি, চূড়ান্ত সুপারিশের ওপর আস্থা রেখে আগে আবেদন করা অন্তত ১০ থেকে ১৫টি সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেন নি। পরবর্তী সময়ে প্রকাশিত বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিতেও আবেদন করেননি।
নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে তাহমিদ বলেন, ঢাকায় একটি ছোট ভাড়া বাসায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তার সংসার। বিসিএসে সুপারিশ পাওয়ার পর পরিবারে নতুন স্বপ্ন তৈরি হয়েছিল। গেজেট প্রকাশের দিন স্বামীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শারীরিক দুর্বলতা সত্ত্বেও স্ত্রী ঢাকায় তার কাছেই ছিলেন। কিন্তু গেজেটে নাম না থাকায় সেই আনন্দ মুহূর্তেই হতাশা ও কান্নায় পরিণত হয়েছে বলে জানান তিনি।

 

 


গেজেটে নাম না থাকার সম্ভাব্য কারণ সম্পর্কে তাহমিদ জানান, তাকে পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কি না—এমন প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন জানান, তার বাবা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে সুনামগঞ্জের ছাতক উপজেলা জামায়াতের আমীর (আকবর আলী) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাহমিদের দাবি, বাবার রাজনৈতিক পরিচয় ছাড়া তাকে বাদ দেওয়ার মতো অন্য কোনো কারণ নেই। তবে এটি তার নিজস্ব অভিযোগ ও আশঙ্কা। গেজেট সরকারি ব্যাখ্যা পাওয়া যায় নি বলে জানান তিনি। 

 


এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে ৫৭ জন প্রার্থীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বাদ পড়া প্রার্থীদের ১২ অক্টোবরের মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসুর নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচি শুরু হয়। সেখান থেকে ডাকসুর নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলাভবন ও মধুর ক্যানটিন ঘুরে ডাকসু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার