প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ১৯:৫৪
ছোটদের মধ্যে বিরোধের জেরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শেখপাড়া গ্রামের রাসেল (২১) নামের এক যুবক খুন হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় চকের বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটদের মধ্যে কয়েকদিন থেকে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে বিকেল তিনটার দিকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে চকের বাজার ডাউনের নিচে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রাসেলকে একাধিক ছুরিকাঘাত করা হয়। তখন রাসেলের চিৎকার শোনে বাজারে ও আশপাশে থাকা শেখপাড়া গ্রামের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের ডাক্তাররা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মৃতদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, খুনের খবর পেয়ে শেখপাড়া গ্রামের শাহ বংশ ও শেখ বংশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে সব ধরনের সংঘর্ষ ও হামলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, বাচ্চাদের কথা কাটাকাটির জেরে এই হত্যাকান্ড হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন