প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ২২:৫১
বিশ্বম্ভরপুরে ৪০ বোতল বিদেশি মদসহ মো. জুবাইদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি—৯, সিপিসি—৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল। শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রণবিদ্যা গ্রামের পলাশ বাজার পুলেরঘাট ব্রিজের পূর্ব পাশে সুনামগঞ্জ সদর— বিশ্বম্ভরপুরগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি—৯ সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, পলাশ বাজার পুলেরঘাট ব্রিজের পূর্ব পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কাঁধে থাকা একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। এরপর তার বহন করা কাঁধের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মো. জুবাইদ দিরাই উপজেলার মেঘনা বারোঘর এলাকার মো. আনোয়ারের ছেলে।
এসআরবি—৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবাইদ স্বীকার করেছেন, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
সিলেট এসআরবি—৯—এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ রবিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি—৯—এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন