প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ২২:৫৪
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেছেন, জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের মতো নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে প্রশাসনিক বা আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধও অপরিহার্য।
তিনি বলেন, নতুন প্রজন্ম অনলাইন প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে নৈতিক অবক্ষয়, ডিজিটাল জুয়া ও নেশায় জড়িয়ে পড়ছে। একারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তরুণরা জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নতুন প্রজন্মকে অপরাধপ্রবণতা থেকে মুক্ত রাখতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইউএনও আরও বলেন, রাতের বেলায় খেলাধুলা পরিহার করে সন্তানদের লেখাপড়ার প্রতি মনোযোগী করার বিষয়ে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।
রবিবার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন রোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা এবং আল জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান ও ইসলাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার নাযিম মাওলানা ফখরুল ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাওলানা আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি কফিল উদ্দিন, আনছার উদ্দিন, শুকুর উদ্দিন, আব্দুন নূর, আব্দুল মোক্তাদির, আব্দুল কাদির, ফজলুর রহমান, বদরুল আলম, খাজিল মিয়া, ইউপি সদস্য ময়না মিয়া, ছালিক মিয়া, সিরাজ মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা শাহজামাল, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আব্দুল অদুদ, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সতীর্থ দাস এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সিদ্দিকুর রহমান কামরান প্রমুখ।
অনুষ্ঠানে আল জালাল মহিলা মাদ্রাসার ৫৩০ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা এবং ৬০০ ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন