বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:০৬

সুনামগঞ্জ পৌর শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

 


সোমবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২টি প্রতিষ্ঠানে গিয়ে এলপিজি গ্যাসের মূল্য যাচাই করা হয়। এরমধ্যে তিনটি ডিলার পয়েন্ট পরিদর্শন করে দুইটি প্রতিষ্ঠানে কোনো অনিয়ম পাওয়া যায় নি।

 


অভিযানে মল্লিকপুর এলাকার লামিসা ট্রেডিং ডিলার পয়েন্টে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির বিষয়টি ধরা পড়ে। সেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১ হাজার ৮৩৭ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ টাকা নেওয়া হচ্ছিল। এছাড়া ৫ দশমিক ৫ কেজি ওজনের সিলিন্ডারের ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে ৬০ টাকা বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 


জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, জ্বালানি সংকট ও বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করছেন—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের নির্দেশনায় গ্যাসের মূল্য মনিটরিং ও অতিরিক্ত দাম নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


তিনি বলেন, অভিযানে বেশিরভাগ প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যেই এলপিজি গ্যাস বিক্রি করতে দেখা গেছে। তবে এক—দুটি প্রতিষ্ঠানে কিছুটা বেশি দামে বিক্রির বিষয়টি পাওয়া গেছে। তাদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তারা যাতে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস কিনতে পারেন, তা নিশ্চিত করতে অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার