প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:৩১
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান ও পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল মামুন।
গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রায়হান ইবনে সুলতানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এপিপি অ্যাডভোকেট শেরনুর আলী, অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, জাতিসংঘের স্বীকৃত বিশ্ব বসতি দিবস ১৯৮৬ সাল থেকে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। নগরায়ন পরিকল্পনার ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, একটি শহরকে পরিকল্পিত, সুন্দর ও স্বাস্থ্যকরভাবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যানের কোনো বিকল্প নেই। মাস্টারপ্ল্যানে কোথায় আবাসিক এলাকা হবে, কোথায় বাণিজ্যিক এলাকা, কোথায় বিনোদনের স্থান হবে—এসব বিষয় নির্ধারণ করা থাকে। একই সঙ্গে পানি, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সেবার বিষয়গুলোও পরিকল্পনার মধ্যে রাখতে হয়।
জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ছাড়া একটি শহর নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। একটি আদর্শ শহরে সুন্দর পরিবেশের পাশাপাশি নাগরিকদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ—সুবিধা নিশ্চিত করতে হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো শহরই এখনো পুরোপুরি আদর্শ শহর হিসেবে গড়ে ওঠেনি। তবে সুনামগঞ্জকে পরিকল্পিতভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। মাস্টারপ্ল্যান প্রণয়ন করে সুনামগঞ্জকে একটি সুন্দর, পরিকল্পিত ও আদর্শ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন