হাসাউড়ার আনারসকে জিআই পণ্য করার উদ্যোগ

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:৩৪

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রামের আনারস চাষ সম্প্রসারণ এবং এই আনারসকে জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

 


সভায় হাসাউড়া গ্রামের আনারস চাষের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, চাষ সম্প্রসারণ, বাজারজাতকরণ এবং আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক।
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদং হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন— সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জ কৃষিতে সমৃদ্ধ—এটি সারা বাংলাদেশ জানে। কৃষি ও মৎস্যের জনপদ হচ্ছে সুনামগঞ্জ।

 


তিনি বলেন, আমরা যখন জানতে পারলাম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রাম এলাকায় আনারসের চাষ হয়, তখন আমরা সরেজমিনে সেখানে গিয়ে দেখেছি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে্যর মধ্যে টিলার ওপর আনারস চাষ হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে সেই আনারস খেয়ে দেখেছি। আনারসটি খুবই মিষ্টি ও সুস্বাদু। আবার এতে আঁশও নেই।

 


জেলা প্রশাসক বলেন, আমাদের মনে হয়েছে, বাংলাদেশের অন্যান্য এলাকার আনারসের তুলনায় হাসাউড়ার আনারসে বেশ পার্থক্য রয়েছে। আমরা দেখেছি, প্রায় এক হাজার মানুষ আনারস চাষ করে জীবিকা নির্বাহ করছেন। আমরা যদি উদ্যোগ নিয়ে এই চাষ আরও সম্প্রসারণ করতে পারি, তাহলে আরও বেশি মানুষের জীবিকার ব্যবস্থা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এই আনারস যাতে সঠিকভাবে বাজারজাত করা যায়, সে উদ্যোগও আমরা নেব। যথাযথ প্রক্রিয়ায় বিষয়টি সরকারের কাছে জানানো হবে। ইতোমধ্যে আমরা সরকারকে বিষয়টি জানিয়েছি। হাসাউড়ার এই আনারস মধুপুরের আনারসের চেয়ে সুস্বাদু এবং আঁশযুক্ত নয়। তাই এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


সভায় কৃষক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার