প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ২৩:২০
চলতি আমন ও আসন্ন বোরো মৌসুমে কৃষি ক্ষেত্রের সংকট মোকাবেলায় ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সার, ডিজেল ও কীটনাশকের মতো কৃষি উপকরণ ফসল উৎপাদনের জন্য অপরিহার্য। দেশে একসময় বছরে ২৩ লক্ষ টন ইউরিয়া সার উৎপাদনের রেকর্ড থাকলেও গ্যাস ঘাটতির অজুহাত, মুক্তবাজার অর্থনীতি ও আইএমএফ—এর শর্তের কারণে একের পর এক সার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। একারণে বর্তমানে চাহিদার প্রায় দুই—তৃতীয়াংশ সার আমদানি করতে হচ্ছে, যা উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এতে আরও বলা হয়, রাশিয়া—ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল, গ্যাস ও সারের সরবরাহ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের কৃষিখাতে। পাশাপাশি শাসক—শোষক গোষ্ঠী, অসৎ ব্যবসায়ী, মজুদদার ও সিন্ডিকেটের কৃত্রিম সংকট ও দুর্নীতির কারণে কৃষক চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
কৃষি ও কৃষককে বাঁচাতে স্মারকলিপিতে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ইউরিয়াসহ সকল প্রকার সারের সংকট সমাধানে দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বন্ধ কারখানা চালু ও আধুনিকায়ন করতে হবে। সারসহ সকল কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে কৃষকের হাতে পৌঁছাতে হবে। সার ও ডিজেল বিপণনে কালোবাজারি, মজুদদারি ও অসৎ ডিলারদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষিতে ব্যবহৃত ডিজেলে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করতে হবে। কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুৎ নামমাত্র মূল্যে সরবরাহের ব্যবস্থা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত এনডিএ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে, যা দেশের কৃষি পণ্যকে আমদানি নির্ভর করে কৃষি খাত ধ্বংসের চক্রান্ত করছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন