অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে যৌথ অভিযান

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:২৬

জরিমানা ও জাল ধ্বংস

জেলার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন, ভূমির উপরিস্তর কর্তন এবং নিষিদ্ধ জালের ব্যবহারের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী জেলার দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার চেলা—মরা চেলা বালুমহালে যৌথ টাস্কফোর্সের একটি দল অভিযান চালায়। এ সময় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের নাম—পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া করা হয়।

 

 

 


এদিকে তাহিরপুরের বিশ্বখ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে পরিচালিত অপর এক অভিযানে ৭টি কোনা জাল এবং ৬ বস্তায় রাখা প্রায় ১২ হাজার ফুট নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 


এছাড়া একই দিনে তাহিরপুরের পাথারগাঁও এলাকায় ভূমির উপরিস্তর (টপসয়েল) অবৈধভাবে কাটার অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ ও ভূমি সংরক্ষণ সংক্রান্ত আইনে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 


সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন ও ভূমির ক্ষতি সাধন রোধে জেলাজুড়ে এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের নজরদারি অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার