প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ২২:০৮
শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপদ শৈশব এবং বৈষম্যহীন ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে পালিত হয়েছে শিশু অধিকার দিবস। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে উদযাপন করা হয়েছে সুবর্ণজয়ন্তী। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিশু একাডেমির বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের কর্মসূচির সঙ্গে সুনামগঞ্জের আয়োজনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করার কথা উল্লেখ করে শিশুদের উদ্দেশে বলেন, তোমরা পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। প্রতিদিন খেলতে হবে, পড়তে হবে, আবৃত্তি চর্চা করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও তোমরা অংশগ্রহণ করবে। সবসময় হাসিখুশি থাকবে, কখনো মন খারাপ করবে না।
.jpg)
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শিশুরা যাতে সবসময় উৎফুল্ল থাকে এবং সুন্দর স্বপ্ন দেখতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়নের সঠিক পথ দেখানোর দায়িত্বও শিক্ষক ও অভিভাবকদের। কারণ এই শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।
তিনি বলেন, শিশুরা আমাদের সম্পদ। তাদের জ্ঞান, দক্ষতা ও সচেতনতার পাশাপাশি নৈতিক গুণাবলি দিয়ে গড়ে তুলতে হবে। এই দায়িত্ব শুধু একজনের নয়; আমার, আপনার, সকল বাবা—মায়ের। একই সঙ্গে সকল সচেতন মহল ও প্রতিনিধিরও এ দায়িত্ব রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. জামাল উদ্দিন মুর্শেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ফেরদৌস লিপন এবং জাসাস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক—শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন