টাকা ফেরত দিচ্ছেন প্যানেল চেয়ারম্যান

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ২১:৫৭

সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশ

মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি ভিজিডির চাল, মসজিদ ও কবরস্থানের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আদালতের নির্দেশে থানার তদন্তের পর বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) গড়ায়। এই ধারাবাহিকতায় মঙ্গলবার সরেজমিনে তদন্ত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিবুল হাসান।

 


অভিযোগ রয়েছে, প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভিজিডির চাল, মসজিদ ও কবরস্থানের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম করেছেন। এ বিষয়ে ইউপি সদস্য ও ভুক্তভোগীরা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক আটটি লিখিত অভিযোগ দেন।

 


অভিযোগের পর গত ৫ এপ্রিল দৈনিক সুনামগঞ্জের খবরে এ—সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি আদালতের নজরে এলে ধর্মপাশা ও মধ্যনগর আমলগ্রহণকারী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসার স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন। পরে আদালত মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি দুদকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। থানার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুদক বিষয়টি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মতামত চায়।

 


মঙ্গলবার সরেজমিনে তদন্তে গিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিবুল হাসান সংশ্লিষ্টদের বক্তব্য নেন এবং বিভিন্ন নথিপত্র যাচাই করেন। তিনি বলেন, আগামী ৮ অক্টোবরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা রয়েছে। আজ (মঙ্গলবার) সরেজমিনে তদন্ত করা হয়েছে এবং বুধবারই প্রতিবেদন পাঠানো হবে।
এদিকে তদন্ত প্রক্রিয়া শুরুর পর সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন অভিযোগে উল্লেখ করা অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। নিশ্চিন্তপুর জামে মসজিদের বর্তমান কমিটির কোষাধ্যক্ষ ফজলুল হক জানান, মসজিদের টাকা আত্মসাতের অভিযোগটি সত্য ছিল। তবে মঙ্গলবার তদন্ত কর্মকর্তারা আসার আগে মসজিদের বকেয়া টাকা পরিশোধ করে দিয়েছেন।

 


বংশীকুণ্ডা জামে মসজিদ ও বংশীকুণ্ডা সার্বজনীন কবরস্থানের টাকা আগামী দুই দিনের মধ্যে ফেরত দেওয়ার বিষয়ে তদন্ত কর্মকর্তার সামনে প্যানেল চেয়ারম্যান লিখিত অঙ্গীকার দিয়েছেন বলে জানিয়েছেন বংশীকুণ্ডা জামে মসজিদের সভাপতি মো. শাহেবুর আলম।
প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, নিশ্চিন্তপুর জামে মসজিদের টাকা আগেই দিয়েছি। কিছু টাকা বাকি ছিল, সেটি আজ পরিশোধ করেছি। বংশীকুণ্ডা মসজিদ ও কবরস্থানের টাকাও আগেই পরিশোধ করার চেষ্টা করেছি। সমন্বয়হীনতার কারণে দিতে পারিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার