গীতিকবি প্রতাপ রঞ্জন স্মরণে ধামাইলের আসর

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ২০:৩৩

একসময় ধামাইলের সুরে মুখর থাকত সিলেট ও সুনামগঞ্জের গ্রামবাংলার উঠান। সেই ঐতিহ্যের সাথে যাঁদের সৃষ্টিশীলতা ও সাধনা মিশে আছে, তাঁদেরই একজন গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদার। প্রতাপ রঞ্জন তালুকদার ১৯৪৫ সালে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ৯ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। তাঁর গান ও ধামাইলের স্মৃতিকে ধরে রাখতে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে তাঁর ১৭তম প্রয়াণ দিবসের আলোচনা সভা। পরে ধামাইল পরিবেশন করেন বিভাগের গুণী ধামাইল শিল্পীরা।

 


বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মুসা। সংগঠনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপক দাস ও সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। এর আগে দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতাপ রঞ্জন তালুকদারের স্ত্রী সূচিত্রা রানী রায়।

 


আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধ্রুপদ চৌধুরী নূপুরসহ অন্যরা। ধামাইলের এই আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ২৭ জন শিল্পী অংশ নেন। তাঁদের কণ্ঠে পরিবেশিত ধামাইল গান ও নৃত্যে অনুষ্ঠানস্থলে তৈরি হয় প্রাণবন্ত আবহ।

 


অংশ নেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন নিপা সূত্রধর, জুনিয়র শান্তা, সনি বর্মন, উমা দাস, রিতা সরকার, বর্ণিতা পুরকায়স্থ, প্রিয়াংকা প্রিয়া, প্রিয়া দাস, ঝাউলা তপু, স্নেহা দাস তুলি, পলি তালুকদার, মাধুরী তালুকদার, তমা তালুকদার, অনুরাধা মল্লিক, এস কে সাথী, চায়না সরকার, ঝুমা পাল, সেজুতি রায়, কান্তা দাস, রিয়া চন্দ, সুপ্রভা দাস, পূর্ণিমা নাথ, জুই দাস, নিপা দাস, মুক্তা সূত্রধর, মিমি প্রিয়াংকা ও সুজন দাস।

 


অনুষ্ঠান ঘিরে উপজেলার ধামাইল শিল্পীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ—উদ্দীপনা। শিল্পীরা মনে করেন, এমন আয়োজন ধামাইল গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই অঞ্চলের লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে। শিল্পীদের পরিবেশনা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার