প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২২:২২
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ থানায় নির্যাতন করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, তিনি সুস্থ এবং পুলিশ হেফাজতে আছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী (প্রিন্স)। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। শাহনেওয়াজকে গ্রেপ্তারের পর হাসপাতালের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
পরিবার সূত্রে জানা গেছে, পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার বাসা থেকে শাহনেওয়াজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে থানায় মারধর করা হয়েছে। এতে তিনি থানায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে নিয়ে যান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর পরিবারের লোকজন তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। শাহনেওয়াজ চৌধুরীর বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী থানায় নেওয়ার পর তার ছেলেকে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ শুক্রবার দুপুরে মুঠোফোনে জানান, তাকে থানায় কোনো নির্যাতন করা হয় নি। রাতে তিনি হেঁটে হাজতে ঢুকেন। সেখানে প্রায় আধঘন্টা ছিলেন। হাজতে থাকার সময়ে তিনি এক পুলিশ সদস্যের কাছে কিছু একটা চান। কিন্তু পুলিশ সদস্য দেন নি। এরপর তিনি হঠাৎ ভিতরে লুঠিয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার পর দুর্বলতা থাকায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে দুজন চিকিৎসক দেখার পর তাকে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ নেন। কিন্তু তিনি কাউকে না জানিয়ে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চলে যান। এখন তিনি সেখানে পুলিশ হেফাজতে এবং সুস্থ্য আছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন