‘প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে’

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:৪৪

এমপি নাছির উদ্দিন

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শাল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে করণীয় নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

 


বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্ব ও পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

 


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, দুর্গাপূজা সবার উৎসব। শাল্লায় শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মাদক, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতার মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

 


সভাপতির বক্তব্যে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, দুর্গোৎসবকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, জাকির হোসেন ও আবদুল করিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই শওকত আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক জয়ন্ত সেন, সাংবাদিক রুদ্র মিজান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী এবং শাসখাই পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাস (মেম্বার) প্রমুখ।

 


সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উৎসবকে কেন্দ্র করে কেউ যেন মাদক বিক্রি, সরবরাহ কিংবা সেবনের মাধ্যমে পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য কঠোর নজরদারির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেন বক্তারা।

 


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার