প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:৫০
শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে চোখের যত্ন ও রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শান্তিগঞ্জে বিশ্ব চক্ষু দিবস পালিত হয়েছে। কর্মসূচি থেকে শান্তিগঞ্জকে চোখের ছানি রোগমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে অরবিস ইন্টারন্যাশনাল ও ভার্ড।
সকাল সাড়ে ১০টায় উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান।
সভায় সভাপতির বক্তব্যে ডা. ইকবাল হাসান বলেন, চোখের ছানি একটি পুরোপুরি চিকিৎসাযোগ্য রোগ। সময়মতো শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা গেলে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।
আয়োজকরা জানান, উপজেলার ছানি রোগীদের চিহ্নিত করে পর্যায়ক্রমে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে শান্তিগঞ্জকে সম্পূর্ণ ছানি রোগমুক্ত হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবুন নাছিম সোহান, অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার গোলাম রায়হান, সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার নুর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এবং হাসপাতালের নার্স সুপারভাইজার সুজন দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, শান্তিগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চলের বহু মানুষ দারিদ্র্য ও দূরবর্তী যোগাযোগের কারণে সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে এই ধরনের উদ্যোগের পরিধি আরও বাড়ানো প্রয়োজন।
উল্লেখ্য, দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, সাধারণ চিকিৎসা প্রদান এবং ছানি রোগ শনাক্ত করা হয়। পরবর্তীতে শনাক্তকৃত ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন