চ্যাম্পিয়ন শতদ্রু, রানার্সআপ সাইফুল

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২২:৪৮

৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের সিলেট ও ময়মনসিংহ আঞ্চলিক পর্যায় (অঞ্চল—৫) এ চ্যাম্পিয়ন হয়েছেন তাহিরপুর উপজেলার শতদ্রু শোভন দে। একই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মো. সাইফুল ইসলাম চৌধুরী। তাঁদের এই সাফল্যে সুনামগঞ্জসহ সিলেট বিভাগের ক্রীড়াঙ্গনে আনন্দ—উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সম্মেলন কক্ষে তাদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

 

 

 


শতদ্রু শোভন দে তাহিরপুর উপজেলার ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা। তিনি শান্তনু কুমার দে ও দত্তা পুষ্পা দের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার বড়। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন শতদ্রু। অন্যদিকে, মো. সাইফুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. সিরাজুল ইসলাম চৌধুরী এবং মা বেগম জহুরা চৌধুরী।
মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, একটা সময় দাবা খেলা সুনামগঞ্জে তেমন জনপ্রিয় ছিল না। কিন্তু এখন অনেকেই খেলছেন এবং ভালো করছেন। তিনি বলেন, সুনামগঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তার মতে নতুন খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে স্কুল লেভেলে প্রতিযোগিতার আয়োজন করলে জেলায় ইতিবাচক প্রভাব পড়বে এবং সম্ভবনাময় অনেককে পাওয়া যাবে। 
সুনামগঞ্জ জেলা চেস একাডেমির সভাপতি ও সিলেট—ময়মনসিংহ আঞ্চলিক পরিচালনা কমিটির সদস্য মো. সহিদুল ইসলাম বলেন,  গেল ১৯ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ৫৮ জন দাবাড়ুর মধ্যে চ্যাম্পিয়ন হন শতদ্রু শোভন দে। পরে ২৭ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৩০ জন অংশ নেন। ওই পর্যায়ে চ্যাম্পিয়ন হন সাইফুল ইসলাম চৌধুরী। সর্বশেষ সিলেট ও ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে শতদ্রু শোভন দে চ্যাম্পিয়ন এবং সাইফুল ইসলাম চৌধুরী রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।

 


মো. সহিদুল ইসলাম বলেন, শোভন ও সাইফুল তাঁদের সাফল্যের মাধ্যমে সুনামগঞ্জ ও সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশ দাবা ফেডারেশন শিগগিরই জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতার সময়সূচি ঘোষণা করবে। আমরা তাঁদের দুজনের জন্য সবার কাছে দোয়া চাই, যেন তাঁরা জাতীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জন করতে পারেন।
তিনি বলেন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কাজী নাসিম উদ্দিন লালা, সদস্য রাকিবুল ইসলাম দিলু, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান এবং সিলেট বিভাগের এসসিপিপির সভাপতি শাহ মাহফুজুর করিম খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন।

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার