প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২০:৪৪
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মৃত মনিররুজ্জামান বরিশালের গৌরনদী পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং ৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
মো. মনিরুজ্জামান মিয়ার সফরসঙ্গী আগৈলঝড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার বলেন, গত ১২ অক্টোবর গৌরনদী—আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল নিয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলাম। আমাদের সফরসঙ্গী হিসেবে মনিরুজ্জামান ছিলেন। বুধবার সকালে হাওরে বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ফয়েজ আহমদ নূরী জানান, মনিরুজ্জামান নামে এক পর্যটককে সঙ্গীরা নিয়ে আসছিল। পরীক্ষা করে দেখা গেছে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
তবে এ বিষয়ে মৃত মনিরুজ্জামানের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরুজ্জামানের মরদেহ নিয়ে সফরসঙ্গীরা গৌরনদীর পথে রয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন