প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২৩:৩০
মাদক কারবারি, অবৈধ বালু উত্তোলনকারী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৩ ও ১৪ অক্টোবর সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদক ব্যবসার দায়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং অবৈধ বালু ও পাথর জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি মামলা দায়ের করে ২ আসামিকে মোট ১৫০ টাকা অর্থদণ্ড এবং যথাক্রমে ১৫ দিন ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে জিনারপুর এলাকা থেকে অবৈধ বালু ও বালুমিশ্রিত পাথর জব্দ করা হয়।
তবে নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় স্পর্শকাতর ‘ধোপাজান চলতি নদী’ এলাকায় পরিচালিত অপর এক অভিযানে কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন বা পরিবহনের কার্যক্রম পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে জগন্নাথপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯—এর আওতায় একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট পঁচাত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, মাদক, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন এবং বাজারে ভোক্তা অধিকার হরণের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন