প্রান্তিক নারীদের বরাদ্দের টাকায় ভাগ বসানোর অভিযোগ গুরুতর

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২৩:৩৪

সরকারি দপ্তরে কর্মকর্তা—কর্মচারীদের হাতাহাতি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে কর্মকর্তা ও অফিস সহকারীর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সরকারি আচরণবিধি, মহিলা সমিতির বরাদ্দের অর্থের স্বচ্ছ ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়গুলো আলোচনায় এসেছে। সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে কী করা প্রয়োজন, তা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় কথা বলেছেন সনাকের সহসভাপতি সুখেন্দু সেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারি কর্মকর্তা—কর্মচারীদের হাতাহাতির ঘটনা আচরণবিধির কতটা পরিপন্থি?
সুখেন্দু সেন: সরকারি অফিসের ভেতরে কর্মকর্তা—কর্মচারীদের হাতাহাতি ও অসদাচরণ আচরণবিধির গুরুতর পরিপন্থি। ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের অভিযোগও অত্যন্ত উদ্বেগজনক। আগে ডাকাতেরা লুটের মালামাল ভাগ করতে গিয়ে মারামারি করত বলে শোনা যেত। এখন সরকারি অফিসে ঘুষের টাকা নিয়ে এমন ঘটনা ঘটার অভিযোগ উঠছে। এ ধরনের অপরাধের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: মহিলা সমিতির বরাদ্দের টাকা থেকে ভাগ চাওয়ার অভিযোগ কতটা উদ্বেগজনক?
সুখেন্দু সেন: মহিলা বিষয়ক কার্যালয়ের কাজ প্রান্তিক নারীদের উন্নয়নে সহায়তা করা। তাঁদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়। সেই অর্থ থেকে ভাগ চাওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। বরাদ্দের অর্থের একটি অংশ যদি অনিয়মের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়, তাহলে যে উদ্দেশ্যে অর্থ দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। সমিতিগুলোর অর্থ ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা থাকা প্রয়োজন। পাশাপাশি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত তদারক করতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্তে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন?
সুখেন্দু সেন: দুর্নীতি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এটি সহজে নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। ঘুষ ও দুর্নীতির অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ ও জনসচেতনতা বাড়াতে হবে। সাধারণ মানুষ যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আগেও ঘুষ—দুর্নীতির অভিযোগ ছিল বলে জানা গেছে। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণ কী হতে পারে?
সুখেন্দু সেন: অভিযোগ থাকার পরও ব্যবস্থা নেওয়া না হলে অনিয়ম চলতে থাকার সুযোগ তৈরি হয়। সময়মতো অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কমানো সম্ভব। তবে কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অভিযোগের যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার হলে তা সংশ্লিষ্ট সুবিধাভোগীদের উন্নয়ন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারি বরাদ্দ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়?
সুখেন্দু সেন: স্বচ্ছতা নিশ্চিত করতে নৈতিকতার চর্চা, শৃঙ্খলাবোধ, কঠোর আইন এবং আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। পাশাপাশি সরকারি অর্থ কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট থাকতে হবে। সাধারণ মানুষকে তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তাঁরা কোনো হয়রানি ছাড়াই সেবা পেতে পারেন। এ ক্ষেত্রে সামাজিক আন্দোলন ও সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারি দপ্তরে দুর্নীতি ও অসদাচরণ বন্ধে সনাকের সুপারিশ কী?
সুখেন্দু সেন: সনাক বিভিন্ন সরকারি কার্যালয়ে গিয়ে দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। আমরা সরকারি দপ্তরে কী কী সেবা দেওয়া হয়, তা নাগরিকদের জানাতে সিটিজেন চার্টার বা সেবার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের সুপারিশ করি। কোন সেবা কীভাবে পাওয়া যাবে, সে তথ্য সহজে পাওয়া গেলে মানুষের হয়রানি কমতে পারে। দপ্তরপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সৎভাবে জনগণকে সেবা দেওয়ার উদ্যোগ নিতে হবে। আমরা কয়েকটি সরকারি কার্যালয়ে এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছি। জনসচেতনতা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব বলে আমরা আশাবাদী।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার