অবশেষে দিরাইয়ে হলো গানের অনুষ্ঠান

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২০:৩২

নারী শিল্পীদের গানের আসর না করতে পুলিশে আবেদন করেছিলেন একপক্ষ, গানের আসর বন্ধর ঘোষণা

দিরাইয়ে নিজের বাড়িতে বাউল গানের আসরের আয়োজন করেছিলেন এক প্রবাসী। কিন্তু স্থানীয় একটি পক্ষের আপত্তি ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পর বেকায়দায় পড়েছিলেন আয়োজক। তিনি এক পর্যায়ে পুলিশকে জানিয়েছিলেন অনুষ্ঠান করবেন না। তবে শেষ পর্যন্ত ওই প্রবাসী বাড়িতে গানের অনুষ্ঠান করেছেন। রাতভর অনুষ্ঠানে বিপুল পরিমাণ দর্শক শ্রোতাও ছিলেন। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া—রাধানগর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়িতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

 


এর আগে শওকত আলী জানান, তার মেয়ের জন্মদিন উপলক্ষে ছোট পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করেন। নারী শিল্পীদের গান পরিবেশনের বিষয়টি নিয়ে আপত্তি জানান স্থানীয় কয়েকজন বাসিন্দা। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু গত ২১ অক্টোবর দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদন করেন। তাদের অভিযোগ ছিল, নারীদের বাউল গান পরিবেশনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 


অভিযোগকারী কামরুল হাসান মিটু বলেন, তাদের গ্রামের ধর্মীয় পরিবেশ ও ইসলামী মূল্যবোধের কথা বিবেচনা করে তারা অনুষ্ঠানটি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন। গ্রামে একটি আলিম মাদ্রাসা, মসজিদ ও একাধিক কবরস্থান রয়েছে। নারী শিল্পীদের গানকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক—শিক্ষার্থী কিংবা অন্য কেউ আপত্তি জানালে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করেছিলেন। গানের অনুষ্ঠান বন্ধের এই সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ পায়।

 

 

 

 

 

 


অভিযোগকারী কামরুল হাসান মিঠু বলেন, পুলিশ ও আয়োজকদের মধ্যে আলোচনা হওয়ার পর অনুষ্ঠান বন্ধ রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গানের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হতে দেখে তারা আবারও ওসির সঙ্গে যোগাযোগ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে থানায় গিয়ে বিষয়টি জানান। 

 


এদিকে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠান বন্ধের চক্রান্ত ও অপপ্রচারের ক্ষোভ প্রকাশ করে আয়োজক শওকত আলী অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুক লাইভে বলেন, ‘সমাজে ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষও থাকে। আমি আমার দাদার ওরস মোবারক পালনের উদ্দেশ্যে এখানে এসেছিলাম। অথচ কিছু লোক অপপ্রচার চালিয়ে বলেছে যে আমি নাকি এখানে যাত্রা কিংবা ঘাটুগানের আসর বসিয়েছি। ভালো মানুষ যারা, তারা সবাই দেখেছেন আমি কী কাজ করেছি।’ 

 


অন্যপক্ষের উদ্দেশ্যে নতুন করে কিছু বলার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যদি সৎ সাহস রাখে, তবে যেন প্রকাশ্যে সামনে এসে কথা বলে। স্থানীয় প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আমি কোনো অনৈতিক বা জুয়ার কাজ করতে আসি নাই, দাদার ওরসের কাজেই এসেছিলাম। যারা এটা পণ্ড করার চক্রান্ত করেছিল, তারা দেখুক আমি শেষ পর্যন্ত কী করেছি।’ শেষে তিনি একটি গানও পরিবেশন করেন।

 


দিরাই থানার ওসি আমিনুল ইসলাম এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছিলেন, গানের আয়োজন নিয়ে আপত্তি উঠার পর পুলিশ আয়োজকদের সঙ্গে কথা বলে, পরে আয়োজকেরা গান—বাজনা করবেন না বলে আশ্বস্ত করায় অভিযোগের বিষয়টি মীমাংসা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় ওসি আমিনুল বলেন, বৃহস্পতিবার রাতে ওই গ্রামে প্রবাসীর বাড়িতে গানের অনুষ্ঠান হচ্ছে জানাতে ২—৩ জন থানায় এসেছিলেন। আমি উনাদে বসিয়ে রেখে যে ফেসবুক আইডি থেকে গানের লাইভ হচ্ছিল, সেটি দেখলাম, দেখে উনাদের জানালাম, ওখানেতো অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে। কোন অশ্লীলতাও তো নেই। গ্রামের আরও কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারাও অশ্লীলতা হয় নি জানালেন। শান্তিপূর্ণভাবেই গানের আসর হয়েছে।’
প্রসঙ্গত, দিরাইয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে আপত্তির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ৫ অক্টোবর স্থানীয় একটি পক্ষের বিরোধিতায় দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের নারী খেলোয়াড়দের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই ম্যাচের বিরোধিতাকারীদের পক্ষ থেকে নারীদের মাঠে খেলাধুলা নিয়ে আপত্তি জানানো হয়। অন্যদিকে, আয়োজকদের বক্তব্য ছিল, মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই ম্যাচটির আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গত, দিরাই উপজেলার উজানধল গ্রামে দেশের বিখ্যাত বাউল শাহ আব্দুল করিমের বাড়ি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার