অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ানোয় মিললো সম্মাননা

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২২:৩৬

ধর্মপাশায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বৈদিক সনাতন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত নারী—পুরুষের মাঝে বস্ত্র বিতরণ এবং রোগীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান সফল করতে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সেসকল মানবিক মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় উপজেলা সদরের বিজয় ২৪ চত্বরে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ১০২ জন অসহায় নারীকে শাড়ি, ৫৩ জন পুরুষকে লুঙ্গি এবং চারজন অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং অসুস্থ মানুষের চিকিৎসায় পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। এসব মানবিক কার্যক্রম বাস্তবায়নে যাঁরা আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের অবদানকে সম্মান জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 


সংগঠনের সভাপতি রতিলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অজয় চন্দ্র সিংহ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অসীম চন্দ্র শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ীর সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার।

 


সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, আসমা আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য চন্দন খান, স্থানীয় ব্যক্তি কবির হোসেন বাবু, খায়রুল ইসলাম, সুয়েব আহমেদ, মন্টু চন্দ্র সরকার, তরুণ কুমার বর্দ্ধন, দীপক চন্দ্র সরকার, মৃনাল দেবনাথ, অমল চন্দ্র সিংহ, মৃণা রজত চন্দ্র সরকার, বিলকিস মিয়া, শংকর চন্দ্র শীল, শাকিল আহমেদ প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে সহযোগিতাকারী মানবিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকেরা জানান, যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তাদের সম্মাননা স্মারক পরবতীর্তে স্ব স্ব ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে। 

 


অনুষ্ঠানে বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানের মধ্য দিয়ে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার