প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২২:৩৮
জগন্নাথপুরে আহত ১৫
জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেতায়েদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৫০) তিনি ওই গ্রামের মৃত আব্দুল বারির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে পীরেরগাঁও (চন্ডি হেতায়েদপুর) গ্রামের আরব আলীর ছেলে আলমগীর ও একই গ্রামের আছির উল্লাহর ছেলে কাশেমের সঙ্গে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান সুলফির আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিবৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) নামের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, মতিউর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই বিন আমিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন