প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২২:৪০
দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহীদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় মরহুমের বাসভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব লিপন হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দিরাইয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা সভায় স্মৃতিচারণ করেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান ও সুমন মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, আব্দুস শহীদ চৌধুরী ছিলেন দিরাইয়ের বিএনপির রাজনীতির একজন গুরুত্বপূর্ণ সংগঠক। দলের প্রতিষ্ঠাকালীন সময়ে তাঁর সাংগঠনিক ভূমিকা এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুস শহীদ চৌধুরী ২০১৭ সালের ২৭ অক্টোবর মারা যান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন