তাহিরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২২:৪৬

কারাদণ্ড ১ বছর

তাহিরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

জানা যায়, আব্দুল আলীমের মাদকাসক্তির কারণে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। তাকে মাদক থেকে ফেরানোর নানা চেষ্টা করেও ব্যর্থ হন তারা। অভিযোগ রয়েছে, বাড়িতে বসেই ইয়াবা সেবন করে আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করতেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবা সেবনের পর বাড়িতে মাতলামি শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয়ে শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপা মনি দেবী। ইয়াবা সেবনের কথা স্বীকার করায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার বাবা ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

 

আব্দুল আলীমের বাবা সিরাজুল ইসলাম বলেন, ছেলের কর্মকাণ্ডে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও অতিষ্ঠ ছিলেন। বাধ্য হয়েই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচারে পুরো পরিবার অতিষ্ঠ ছিল। সে শুধু মাদক সেবনই নয়, মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রচলিত আইন অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার