‘মাদকবিরোধিতার নামে আইন হাতে নেওয়ার সুযোগ নেই’

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮

শাল্লায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর পরিবারের বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চাঁদাবাজি ও মামলায় সাক্ষী হওয়ার প্রতিশোধে এ হামলা। তবে অভিযুক্তদের দাবি, মাদকবিরোধী অবস্থানের কারণে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের নিয়মিত আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন সিপিবির জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাড. এনাম আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সিনিয়র স্টাফ রিপোর্টার ও ডিজিটাল ইনচার্জ সাইদুর রহমান আসাদ।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: শাল্লায় একটি পরিবারের বাড়িঘরে এমন হামলা—ভাঙচুরের ঘটনাকে আপনি কীভাবে দেখছেন?
অ্যাড. এনাম আহমদ: ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারটি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবার। ওই পরিবারে একজন বীরাঙ্গনাও রয়েছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পরিবারের সদস্য সাক্ষী হিসেবেও রয়েছেন। এমন একটি পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় না। দেশের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের উপর হামলার যে অভিযোগ উঠছে, তার ধারাবাহিকতায় এ ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছি। একটি পরিবার দীর্ঘদিনের পরিশ্রমে ঘরবাড়ি ও সংসারের জিনিসপত্র গড়ে তোলে। সেই বাড়িতে হামলা চালিয়ে ফ্যান, ফ্রিজসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এসেছে। মাদক বিক্রির অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অভিযুক্তদের তুলে দিতে হবে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের কোনো সুযোগ নেই।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হামলাকারীরা মাদকবিরোধী অবস্থানের কারণে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছে। মাদক বিক্রির অভিযোগ থাকলেও কোনো ব্যক্তি বা সংগঠন কি আইন নিজের হাতে তুলে নিতে পারে?
এনাম আহমদ: কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কেউ মাদক বিক্রি করলেও তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাদক উদ্ধারের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রক্রিয়া রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযান চালিয়ে আলামত উদ্ধার করতে হবে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে হবে। মাদক তো দূরের কথা, কেউ হত্যা, চুরি কিংবা ডাকাতির মতো অপরাধ করলেও তার বাড়িঘরে হামলা চালানোর অধিকার কারও নেই। অপরাধের বিচার করবে আদালত। মাদকবিরোধী অভিযানের নামে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা ফৌজদারি অপরাধ।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী হওয়ার কারণে হামলার অভিযোগ কতটা উদ্বেগজনক?
এনাম আহমদ: বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। একটি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীÑএমন পরিবারের উপর হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। হামলার পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্ত করে বের করতে হবে। কোনো একটি অজুহাত সামনে এনে অন্য উদ্দেশ্য আড়াল করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: প্রায় তিন ঘণ্টা ধরে হামলা চলেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে কী বলবেন?
এনাম আহমদ: তিন ঘণ্টা ধরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। হামলাকারীরা দলবদ্ধভাবে সেখানে গিয়েছিল এবং ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এত সময় ধরে হামলার ঘটনা ঘটলে সেখানে নিরাপত্তাব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তদন্ত ও মামলা গ্রহণে অযথা বিলম্ব হলে মানুষের মধ্যে আরও সন্দেহ তৈরি হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: প্রশাসনের এখন করণীয় কী বলে মনে করেন?
এনাম আহমদ: প্রথমেই অভিযোগের দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা জরুরি। পরিবারটির বসবাসের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মাথা গেঁাজার জায়গা নেই বলে জানতে পেরেছি। পরিবারের একজন মেয়ের পরীক্ষার পোশাকও নষ্ট হয়েছে। বই—খাতা ও প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। প্রতিবেশীরা তাঁদের খাবার দিয়ে সহায়তা করছেন বলে জানা গেছে। এ অবস্থায় পরিবারটির নিরাপত্তা ও পুনর্বাসনে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। ৩৩ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার