প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৮:২২
ছবি : সংগৃহীত
গত অক্টোবর মাসে সিলেট বিভাগের চার জেলায় ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। নিহতদের মধ্যে ৯ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। অক্টোবরে বিভাগের সিলেট জেলায় সবচেয়ে বেশি এবং সুনামগঞ্জ জেলায় কম প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সিলেট জেলায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ জেলায় ১৫টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় দুটি দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ছয়টি দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
অক্টোবরে নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী এবং ছয়জন শিশু রয়েছেন। এর আগের মাস সেপ্টেম্বরে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক পত্রিকা, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচার সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন