হাসানের পাঁচ উইকেট, মিরাজের বলে বোল্ড গ্রেভস

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:৪০

সংগৃহীত ছবি 

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের পাঁচ উইকেটের পর এবার আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। তার বলে বোল্ড হয়ে ফিরেছেন ক্যারিবীয় অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। তাতে আরও চাপে পড়েছে সফরকারীরা।

 

 

শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন থেকেই ক্রিজে ছিলেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। দিনের শুরুতে দুজন মিলে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়েন। তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ।

 

 

প্রথমে জাঙ্গুকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বেশ বাইরের বল ছেড়ে দিতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। কিন্তু ভেতরে ঢুকে বল আঘাত হানে স্টাম্পে। ২১২ বলে ১৩৩ রান করে ফেরেন জাঙ্গু। তার ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। পঞ্চম উইকেটে গ্রেভসের সঙ্গে তার ১০৬ রানের জুটি ভাঙে।

 

 

এরপর রোস্টন চেইসকে ফেরান হাসান। দুর্দান্ত ইনসুইঙ্গারে ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে বল জমা পড়েছিল লিটন দাসের গ্লাভসে। পরের বলেই জশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন হাসান। তবে রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। লিটন দাসের দারুণ স্টাম্পিংয়ে হাসানের পঞ্চম শিকার হয়ে ফেরেন বিশপ। ২৫ বলে ২৩ রান করেন এই ব্যাটার। তাতেই টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট পূর্ণ হয় হাসানের। দেশের মাটিতে এটিই তার প্রথম পাঁচ উইকেট। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তার দখলে। এতদিন চারবার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসান ও শাহাদাত হোসেন।

 

 

হাসানের পাঁচ উইকেটের পর আক্রমণে ফিরে নিজের প্রথম বলেই উইকেট পান মিরাজ। স্টাম্প লক্ষ্য করে করা তার ডেলিভারি বুঝতে পারেননি গ্রেভস। ব্যাটের কানা এড়িয়ে বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ১১২ বলে চারটি চারে ৫১ রান করে ফেরেন ক্যারিবীয় অলরাউন্ডার। ম্যাচে এটিই বাংলাদেশের এই স্পিনারের প্রথম উইকেট। 

 

 

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ করেছে ৮৭ রান। সব মিলিয়ে ৮ উইকেটে ৩২২ রান নিয়ে লাঞ্চে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
সূত্র: সমকাল .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার