ক্রিকেটকে জীবনের ঊর্ধ্বে ভাবেন না কিউই পেসার

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৯

স্ত্রীর ক্যান্সার জয়

সংগৃহীত

পারিবারিক জীবনে কঠিন সময় পার করে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। ২০২৪ সালের এপ্রিলে তার স্ত্রী সারার লিউকেমিয়া (রক্তের ক্যান্সার) ধরা পড়ার পর দীর্ঘ আট মাসের কঠিন লড়াই করতে হয়েছে। অবশেষে ২০২৪ সালের ক্রিসমাস ইভে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সারা এবং তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত। এই ঘটনার পর ক্রিকেটকে ঘিরে টিকনারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।

 

ভারতের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে টিকনার বলেন, ‘আমার জীবনটা চড়াই-উৎরাইয়ে ভরা। সারা এবং আমার পরিবার এই কঠিন সময়টা পার করে আসতে পেরেছে, এটা ভাবতেই ভালো লাগে। ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেক বেশি মানসিক চাপ অনুভব করতাম। এরপর সারার ক্যান্সারের চিকিৎসা—সব মিলিয়ে সময়টা খুব কঠিন ছিল। এখন আমি ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে আছি, যেখানে স্রেফ খেলাটাকে উপভোগ করতে চাই এবং নিজের মতো থাকতে চাই।’


ক্রিকেট জীবনের সবকিছুর ঊর্ধ্বে নয়—এই উপলব্ধি নিয়ে টিকনারের বক্তব্য, ‘আমি মাঠে মুখে হাসি নিয়ে খেলার চেষ্টা করি। ক্রিকেট নিশ্চিতভাবেই আমার জীবনের অনেক বড় একটা অংশ এবং খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। তবে দিনশেষে আমি জানি যে, খেলা শেষে আমাকে বাড়ি গিয়ে আমার স্ত্রী ও কন্যাসন্তানের কাছেই ফিরতে হবে। তাদের কাছে সুস্থভাবে ফিরতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় ভাগ্য। তাই জীবনের অন্য সবকিছুর চেয়ে ক্রিকেট আমার কাছে সামান্য ছোট বিষয়।’

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দল তেমন সুবিধা করতে না পারলেও ১১ নম্বর ব্যাটার হিসেবে নেমে ২৩ বলে অপরাজিত ৩৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন টিকনার। শেষ উইকেটে জ্যাকব ডাফির সঙ্গে ৪১ রানের জুটি নিয়ে রসিকতা করে টিকনার বলেন, ‘ডাফির জায়গায় ১০ নম্বরে ব্যাটিংয়ে ওঠার দাবি আমার আগেই ছিল! ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ওয়েলিংটনে আমি বেশ ভালো ব্যাট করেছিলাম। তবে আমার মনে হয় ১০ নম্বর থেকে আস্তে আস্তে প্রমোশন পেয়ে ৩ নম্বর পজিশন পর্যন্ত আমার যাওয়া উচিত।’ 

 

ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেছেন এই পেসার। অকল্যান্ডের ছোট বাউন্ডারি থেকে ওয়েলিংটনের দীর্ঘ সোজা সীমানা ও বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ নিতে নিউজিল্যান্ড দল পুরোপুরি তৈরি বলেও জানান ব্লেয়ার টিকনার।


সূত্র : আগামীর সময়.কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার