প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:১৮
আমার বাংলাদেশ (এবি) পার্টির নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র সংস্কার, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি এবং অর্থনৈতিক শোষণমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের উপর গুরুত্বারোপ করেন দলের নেতারা। শনিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ায় মরমি কবি হাছন রাজার বাড়িতে সম্মেলন অনুষ্ঠিত হয়। নবগঠিত এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি এ সম্মেলনের আয়োজন করে।
জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম। এ সময় ভার্চুয়ালি বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী।
(1).jpg)
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, ৫ আগস্টের পর মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশে কেবল ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। তিনি বলেন, জুলাই গণ—অভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষ আহত ও শহীদ হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। এত আত্মত্যাগের পরও মানুষের প্রকৃত মুক্তি আসেনি। এবি পার্টি কল্যাণের রাজনীতি ও সমস্যা সমাধানের রাজনীতি করে। দলটির হাত ধরেই একদিন অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে দেশের মানুষ মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে গুম, খুন ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। একজন সাবেক ভূমিমন্ত্রীর লন্ডনে সাড়ে তিনশ বাড়ি ও ফ্ল্যাট থাকার অভিযোগের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একজন মন্ত্রীর এত সম্পদ থাকলে অন্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ কত হতে পারে?
ওমর ফারুক বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। নেতৃত্বের মধ্যে সততা, যোগ্যতা ও দেশপ্রেম থাকতে হবে। দেশের উন্নয়নে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, যারা এমপি থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে জনগণের কল্যাণে কাজ করবেন। এবি পার্টি সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যেই কাজ করছে। এর মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন, এবি পার্টির প্রথম স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। পরে অন্য একটি রাজনৈতিক দল স্লোগানটি নিজেদের করে নিয়েছে। ছাত্র—জনতার গণ—অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়ার প্রত্যাশা তৈরি হলেও মানুষের সেই আশা এখনো পূরণ হয়নি। রাষ্ট্র সংস্কার নিয়েও প্রত্যাশিত আলোচনা নেই।
তিনি আরও বলেন, অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। যেমন ছাগল দিয়ে হালচাষ করা যায় না, তেমনি অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশ পরিচালনায় মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের মতো যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাহলেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যেতে পারবে।
সম্মেলনে জেলা কমিটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ পর্বে এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর পৌরসভা ও জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মরমি কবি হাছন রাজার গান পরিবেশন করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন