মুক্তমত

সেদিন, ‘মেঘলা আকাশ নতজানু...’

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২২:৩৩

‘ট্রেনটি এসে থামল যখন ইস্টিশনে/ মেঘলা আকাশ নতজানু বাঁশের বনে/ মোচড় দিয়ে উঠল আমার বুকের রেখা/ তোমার চোখে বিষাদঘন মৌন লেখা...।’
‘বেদনার হালখাতা’ কবিতার শুরুটা এভাবেই। প্রয়াত কবি মমিনুল মউজদীনের কবিতার এই পঙ্ক্তির মতো সেদিন কোনো ট্রেন নয়, মরমি কবি হাসন রাজার বাড়িতে এসে থেমেছিল একটি লাশবাহী গাড়ি। আকাশ ছিল মেঘলা। সিডরের আঘাতের পূর্বাভাসে গোটা দেশ তখন দুর্যোগের আশঙ্কায় উৎকণ্ঠিত। প্রকৃতির সেই রূঢ় আবহের মধ্যেই মেনে নিতে হয়েছিল সড়ক দুর্ঘটনায় চারটি প্রাণহানির নির্মম সংবাদ। গাড়িতে ছিল কবি মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী ও ছোট ছেলে কহলিল জিবরানের মরদেহ। দিনটি ছিল সিডর আঘাত হানার আগের দিন—২০০৭ সালের ১৫ নভেম্বর। সেই থেকে দিনটি চেনামহলের মানুষের কাছে অন্য এক ‘সিডর’; শোকের এক অমোচনীয় স্মারক।

 


মমিনুল মউজদীনকে অকালে হারানোর পর থেকে দিনটি হয়ে উঠেছে তাঁর কবিতার মতোই ‘বেদনার হালখাতা’ মেলে ধরার বিশেষ উপলক্ষ। সেদিন, ‘মেঘলা আকাশ নতজানু...’। ঢাকার উত্তরার বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে সুনামগঞ্জ ফিরছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর সুনামগঞ্জ শহরে আয়োজন করা হয়েছিল হাসন লোক উৎসবের। ‘হাসন রাজা পরিষদ’—এর সাধারণ সম্পাদক হিসেবে উৎসবের প্রস্তুতি সারতে তাড়াহুড়ো করে ফিরছিলেন। কিন্তু ফেরা আর হলো না। ঢাকা—সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িচালকসহ তাঁরা তিনজন। গুরুতর আহত হন তাঁদের বড় ছেলে ফিদেল নাহিয়ান। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া, পরে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় তাঁকে। এরপর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে।

 


ভরদুপুরের দুর্ঘটনার খবর বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে সিলেটসহ দেশে—বিদেশে। দক্ষিণাঞ্চলে তখন সিডরের পূর্বাভাস, সিলেট অঞ্চলজুড়েও প্রতিকূল আবহাওয়া। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। এরই মধ্যে আকস্মিক মৃত্যুশোক যেন সিডর আঘাত হানার কয়েক ঘণ্টা আগেই অন্য এক সিডর হয়ে দুর্যোগ নামিয়ে আনে সিলেট অঞ্চলের পরিচিত মহলে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মউজদীন পরিবারের মরদেহবাহী গাড়ি সুনামগঞ্জের পথে যত এগিয়েছে, পথে পথে তত জমেছে শোকার্ত মানুষের ভিড়। ছিল বোবা কষ্ট, মুঠোফোনে কান্নার রোল, স্বজন—বন্ধুদের আহাজারি।

 


রাত প্রায় নয়টায় মরদেহবাহী গাড়ি পৌঁছায় সিলেট নগরে। কেন্দ্রীয় শহীদ মিনার ও মুসলিম সাহিত্য সংসদে শোকার্ত মানুষ শেষ শ্রদ্ধা জানান। সুনামগঞ্জে তখন শোকে বিহ্বল মানুষ ‘অপেক্ষার প্রদীপ জ্বালিয়ে’ রাত ১২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে। তাঁর কবিতার পঙ্ক্তির মতোই যেন—‘একজোড়া কালো চোখ বসে থাকে যে শহরে/ অপেক্ষার প্রদীপ জ্বালিয়ে...।’ ২০০৭ সালের সেই রাতের পর সুনামগঞ্জ শহর আর আগের মতো থাকেনি। হাসন লোক উৎসবের মূল উদ্যোক্তা মানুষটিই নেই, তাই আর আয়োজনও হয়নি সেই উৎসবের।

 


মমিনুল মউজদীন ১৯৫৫ সালের ২৯ আগস্ট জন্মেছিলেন বিখ্যাত হাসন রাজার পরিবারে। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য আশির দশকের শুরুতে ঢাকায় পাড়ি জমান। কবিতা ও প্রপিতামহ হাসন রাজার সৃষ্টিশীলতা নিয়ে কাজ করেন। বিচিত্রায় ‘গনিউর রাজার রোজনামচা’ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন করে সংবাদমাধ্যমে আলোড়ন তোলেন। পরে বিচিত্রার ‘বাংলাদেশের হাওর’ শীর্ষক বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ফিরে আসেন হাওরের রাজধানী সুনামগঞ্জে—নিজের জন্মশহরে। তবে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থেকে সমাজ বদলের রাজনৈতিক বোধ তাঁকে টেনে নেয় ভোটের রাজনীতিতে। মৃত্যুর আগপর্যন্ত ভোটের রাজনীতিতে তিনি ছিলেন একজন বিজয়ী জনপ্রতিনিধি।

 


পৌর চেয়ারম্যান হিসেবে মউজদীনের তিনটি মেয়াদ কেটেছে তৎকালীন সরকারদলীয় রাজনৈতিক শক্তির সঙ্গে রীতিমতো লড়াই করে। এই লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল জনগণ। ডাক দিলেই হাজার হাজার মানুষের ঢল নামত। আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে গড়ে উঠত আন্দোলন। এ নিয়ে ছিল তাঁর বুকভরা গর্ব। জনপ্রতিনিধি আক্ষরিক অর্থেই জনগণের প্রতিনিধি হবেন—এমন বিশ্বাস থেকেই তিনি কোনো রাজনৈতিক দলের গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। ফলে তাঁর ডাকে সর্বদলীয় মানুষের সমাগম ঘটত।
আঞ্চলিক পর্যায় থেকে শুরু হলেও দেশজুড়ে আলোড়ন তুলেছিল তাঁর মাদকবিরোধী আন্দোলন। পত্রিকার পাতায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর এ আন্দোলনের সূত্রপাত। প্রতিবেদনগুলোতে উঠে আসা মানবিক বিপর্যয় রোধে মমিনুল মউজদীন ডাক দিয়েছিলেন গণঐক্যের। ২০০২ সালে শুরু হওয়া সেই সামাজিক আন্দোলন একসময় ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সুনামগঞ্জে মউজদীন মানে ছিল জনপ্রতিনিধির পাশাপাশি জনপ্রতিবাদেরও এক প্রতীক। মৃত্যুর পর তাঁর সেই পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।

 


জনপ্রতিনিধি মমিনুল মউজদীনের আরেকটি পরিচয় ছিল কবি। বিখ্যাত মরমি কবি হাসন রাজার উত্তরাধিকার তাঁর সৃষ্টিশীল সত্তাকেও প্রভাবিত করেছিল। সাংস্কৃতিক বোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ছিল তাঁর বিপুল ভক্ত—অনুরাগী। বন্ধুদের মধ্যে যেমন ছিল ছেলের বয়সী তরুণ, তেমনি ছিলেন বাবার বা বড় ভাইয়ের বয়সী সজ্জন ব্যক্তিরাও। এমনও দেখা যেত, বাবা সম্বোধন করছেন ‘মউজদীন ভাই’ বলে, ছেলেও একই সম্বোধন করছে। শুনে আশপাশের মানুষ বিব্রত হতেন। নানা বয়সের মানুষের সঙ্গে বন্ধুত্বের এমন নিবিড় বন্ধন গড়ে তোলা মানুষটিকে সুনামগঞ্জবাসী কী করে ভোলে? ভোলেনি।

 


তেঘরিয়ায় পারিবারিক গোরস্থানে হাসন রাজার কবরের পাশেই সমাহিত মমিনুল মউজদীন, তাহেরা চৌধুরী ও কহলিল জিবরান। সেই গোরস্থানে আজও শোকার্ত মানুষের ‘জলভরা চোখ হাঁটে’—মউজদীনের কবিতার পঙ্ক্তির মতো। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মউজদীন—তাহেরার বড় ছেলে ফিদেল নাহিয়ান এখন আবেগের বরপুত্র; পরিবারের একমাত্র উত্তরসূরি।
সুনামগঞ্জ শহরের যে সড়ক ধরে হেঁটে হেঁটে মউজদীনের বেড়ে ওঠা, যে সড়ককে ঘিরে তাঁর কবিতায় ‘শান্তি এবং প্রেমের খোঁজে’ শহরবন্দনার প্রকাশ, সেই সড়কের নাম ‘মমিনুল মউজদীন সড়ক’ ঘোষণা করা হয়। আর দেশ—বিদেশে পরিচিত সুনামগঞ্জ শহরে স্ট্রিট লাইট নিভিয়ে পূর্ণিমার রাতে ‘আকাশ ভাইঙ্গা জোছনা’ উপভোগের মধ্য দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের যে ব্যতিক্রমী উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা এখন তারুণ্যের ‘জোছনাবাদ’ হয়ে উঠেছে। একজন জোছনাভুক কবি, জনপ্রতিনিধি ও জনগণের মউজদীন তাই একটি শহরের দীর্ঘস্থায়ী শোকের নাম।। দিন—মাস—বছরের হিসাবের বাইরে, মানুষের স্মৃতির পাশাপাশি প্রকৃতিও যেন বলে যায়—অমলিন মউজদীন।


উজ্জ্বল মেহেদী : সাংবাদিক ও জলজোছনার জলোপাখ্যান/ মউজ, মজে মউজ গ্রন্থের লেখক।

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার