ভবন আছে, কার্যক্রম নেই

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:৫৬

হাওরাঞ্চলের ডায়াবেটিস রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ পৌর শহরের আলীপাড়ায় নির্মাণ করা হয়েছে ৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল। তবে ভবন নির্মাণ শেষ হলেও প্রয়োজনীয় আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিয়োগের অপেক্ষায় এখনো শুরু হয় নি হাসপাতালটির কার্যক্রম। 

 


এ অবস্থায় হাসপাতালটি দ্রুত চালুর প্রত্যাশা করছেন জেলার বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে অবশ্য নতুন বছরের জানুয়ারিতে হাসপাতালটির কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১৭ কোটি ৭০ লাখ টাকা। 

 

 

 


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর তত্ত্বাবধানে ১১ কোটি ৭৯ লাখ টাকা চুক্তিমূল্যে ২০২০ সালের মার্চে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০২৫ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটি সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালটি চালু হলে সুনামগঞ্জের পাশাপাশি আশপাশের হাওরাঞ্চলের ডায়াবেটিস রোগীরাও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকেই সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। স্থানীয় পর্যায়ে এ হাসপাতালের কার্যক্রম শুরু হলে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


রাজনীতিবিদ সুখেন্দু তালুকদার পিন্টু বলেন, সুনামগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল নির্মিত হলেও এখনো চালু না হওয়ায় জেলার প্রায় ১৬ লাখ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, হাসপাতালটি দ্রুত চালু করে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করি।

 


সমাজসেবক মুর্শেদ আলম বলেন, সুনামগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে হাসপাতালটির কার্যক্রম দ্রুত শুরু করা জরুরি। 

 


তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এ রোগের চিকিৎসা ব্যবস্থায় নানা সীমাবদ্ধতা রয়েছে। সুনামগঞ্জেও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা নিয়ে সমস্যা রয়েছে। তাই ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি।

 


রাজনীতিবিদ অব. কলেজ শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার বলেন, সুনামগঞ্জ একটি হাওরবেষ্টিত ও প্রান্তিক জেলা। এখানকার চিকিৎসাব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সংকট রয়েছে। ডায়াবেটিস বর্তমানে একটি উদ্বেগজনক রোগে পরিণত হয়েছে। এ রোগের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অবকাঠামো নির্মাণ করা হলেও এখনো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল দেওয়া হয় নি। এ কারণে জেলার মানুষ উদ্বিগ্ন। উন্নত চিকিৎসার জন্য অনেককে সিলেট ও ঢাকায় যেতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত হাসপাতালটি চালুর উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা করছি।

 


হাসপাতালের জন্য জমি দানকারী পরিবারের সন্তান স্থানীয় বাসিন্দা মো. সাদেক খন্দকার বলেন, সুনামগঞ্জের মানুষের চিকিৎসাসেবার সুবিধার কথা চিন্তা করে তাঁর বাবা হাসপাতালের জন্য জায়গা দান করেছিলেন। উদ্দেশ্য ছিল, জেলার মানুষ যেন নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পান এবং উপকৃত হন। হাসপাতালটির কার্যক্রম এখনো শুরু না হওয়ায় তারা আশাহত। 

 


সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মনোওয়ার আলী বলেন, হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় ভবন, আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণ বুঝে পাওয়ার অপেক্ষায় রয়েছে সমিতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব সরঞ্জাম ও প্রয়োজনীয় সহযোগিতা দিলে হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, নতুন বছরের জানুয়ারিতে হাসপাতালটির কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত সহযোগিতা করলে নির্ধারিত সময়েই কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার