সিলেটে ডগ মিকির সনাক্ত করা বিস্ফোরক-ডেটোনেটর উদ্ধার করল বিজিবি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২০:১৯

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) ডগ স্কোয়াডের ডগ মিকির সনাক্ত করা বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে ৪৮ ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল। গত মঙ্গলবার রাতে পরিত্যক্ত অবস্থায় ৫০টি উচ্চমানের বিস্ফোরক জেল, ৪৮টি নন—ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 


বুধবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
বিজিবি সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাত ১০টা ৪৮ মিনিটে ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল এবং আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ সনাক্তকরণে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের ডগ মিকি সীমান্তের ২৫০ গজ অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুরে বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত বিস্ফোরক উদ্ধার করা হয়। এসব বিস্ফোরক বহনকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটক করতে সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।


এর আগে কয়েকদিনে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, মাদক এবং অন্যান্য মালামাল জব্দ এবং চোরাচালানে জড়িত ১৩ জনকে আটক করে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রচেষ্টার ঘটনায় ১৭ জনকে প্রতিহত করা হয়।

 


সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চলমান রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা সীমান্তে নজরদারি আরও কঠোর করেছি। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন—রাত বিশেষ টহল কার্যক্রম চলছে এবং গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে।

 


তিনি বলেন, রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা, ফ্লাডলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ ছাড়াও ডগ স্কোয়াডের মাধ্যমেও বিশেষ গুরুত্বপূর্ণ অভিযান এবং তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে আমরা দ্রুত তা শনাক্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারছি।

 


তিনি আরও বলেন, বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০ জনের অধিক বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিদিন দিনে ৬০—৬৫টি এবং রাতে ৭৫—৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতি রাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য সব অনুপ্রবেশ রুট চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।

 


লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সবার প্রতি আমার অনুরোধ, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাবেন। আপনাদের সচেতনতা আর সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।

 


এছাড়াও, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে গমনাগমন করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারি ও অভিযান চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার