প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১২:৩৪
সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে দেশটিতে কাঁচা আলু আমদানির ওপর ৭৬ বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে জাপান। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও সম্ভাব্য এই সিদ্ধান্ত ঘিরে দেশটির কৃষকদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে আলু আমদানির সুযোগ দেওয়া হলে বিদেশি ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই জাপানের কৃষিজমিতে ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি সস্তা আমদানির কারণে স্থানীয় কৃষকেরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে জাপানের কাছে আলু আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন। চলতি বছরের মার্চে মার্কিন আইনপ্রণেতারাও জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির সঙ্গে বৈঠকে বিষয়টি তুলতে ট্রাম্পকে আহ্বান জানান। সেপ্টেম্বরে ওয়াশিংটনে দুই দেশের কর্মকর্তাদের আলোচনাতেও বিষয়টি উঠে আসে।
পর্যবেক্ষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও শুল্কসংক্রান্ত দর-কষাকষিতে বিষয়টিকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে টোকিও।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্যসংকট মোকাবিলায় জাপানে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে দেশটি খাদ্যের প্রায় ৬০ শতাংশ আমদানি করলেও কাঁচা আলু ও চালের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কঠোর নীতি বজায় রেখেছে।
বিদেশি রোগবালাই থেকে স্থানীয় আলুচাষ রক্ষায় ১৯৫০ সালে আলু আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০০৬ সাল থেকে কেবল আলুর চিপস তৈরির জন্য যুক্তরাষ্ট্রের আলু আমদানির অনুমতি রয়েছে। সেসব আলু কঠোর শর্তে সিল করা কনটেইনারে আনতে হয় এবং উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করতে হয়।
জাপানের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে অন্তত ২১ ধরনের পোকামাকড় ও রোগবালাই দেশটির আলুচাষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এর মধ্যে অন্যতম সিস্ট নেমাটোড। ক্ষুদ্র কৃমিসদৃশ এই পরজীবী আলুর শিকড়ে আক্রমণ করে এবং মাটিতে বহু বছর বেঁচে থাকতে পারে। ২০১৫ সালে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর কয়েকটি এলাকায় এই পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছিল। আক্রান্ত এলাকাগুলোতে এখনও বিধিনিষেধ রয়েছে।
জাপানের মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশ আসে হোক্কাইডো থেকে। ফলে সেখানে নতুন করে রোগবালাই ছড়িয়ে পড়লে জাতীয় উৎপাদন হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনায় হোক্কাইডোসহ বিভিন্ন অঞ্চলের কৃষক ও কৃষি সমবায় সংগঠনগুলো প্রতিবাদ শুরু করেছে। কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সমাবেশও করেছেন তারা। সোমবার হোক্কাইডোর গভর্নর নাওমিচি সুজুকি কৃষিমন্ত্রী আরাতা তাকেবের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় জাপানের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
জাপানি কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতার কারণে যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করতে হবে। তবে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা না করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আমদানি করা আলুর ক্ষেত্রে বিশেষ পরিদর্শনসহ বিভিন্ন সুরক্ষাব্যবস্থার কথাও ভাবছে সরকার।
তবে কৃষকদের প্রশ্ন, নিজেদের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকা সত্ত্বেও কেন বিদেশ থেকে আলু আমদানি করতে হবে? তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষার স্বার্থে সরকার শেষ পর্যন্ত কৃষকদের দীর্ঘদিনের উদ্বেগ উপেক্ষা করতে পারে
সূত্র: বাংলাদেশ প্রতিদিন.কম
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন