গণিতের সবচেয়ে কঠিন সমস্যা সমাধানের দাবি অ্যানথ্রপিকের

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১২:৫৯

সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় গণিতের প্রায় ১৭০ বছরের পুরোনো ও সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত সমস্যাগুলোর একটি ‘রিমান হাইপোথিসিস’-এর প্রমাণ বের করার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ।

 

লেভেন্ট আলপোগে নামের ওই গণিতবিদ জানিয়েছেন, প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ক্লড ব্যবহার করে প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় তিনি সমস্যাটির একটি বিস্তারিত গাণিতিক প্রমাণ তৈরি করেছেন। দাবিটি সত্য প্রমাণিত হলে গণিতের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।

 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই দাবির কথা জানান আলপোগে। অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার এক দিন পর তার এ ঘোষণা আসে। 

 

তবে প্রমাণটি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। বিখ্যাত গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটির যথার্থতা যাচাই করতে আরও সময় লাগবে।

 

জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমানের নামানুসারে ১৮৫৯ সালে উত্থাপিত এই অনুমানটি মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টন নিয়ে। গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি মৌলিক সংখ্যা। তাই এই অনুমানের সমাধান পাওয়া গেলে উচ্চতর গণিতের বিভিন্ন শাখায় ব্যাপক প্রভাব পড়তে পারে।

 

আলপোগের দাবি অনুযায়ী, অ্যানথ্রপিকের সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়, এমন একটি ক্লড সংস্করণ ব্যবহার করে তিনি প্রমাণটি তৈরি করেছেন। লিন (Lean) নামের গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষায় লেখা তার প্রমাণের পূর্ণাঙ্গ পাঠ্য ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠারও বেশি।

 

এদিকে এআই দিয়ে জটিল গাণিতিক সমস্যা সমাধানের দাবি নিয়ে বিতর্কও বাড়ছে। গত সেপ্টেম্বরে ওপেনএআই দাবি করেছিল, তাদের কর্মীরা এআই ব্যবহার করে নাভিয়ের-স্টোকস সমীকরণের একটি কঠিন সমস্যার অংশবিশেষ মাত্র ৮৮ ঘণ্টায় সমাধান করেছেন। তবে সেই প্রমাণও এখনও বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই হয়নি।

 

গণিতবিদদের একটি দল সতর্ক করে বলেছে, বাণিজ্যিক পণ্যের সক্ষমতা তুলে ধরতে এআই প্রতিষ্ঠানগুলোর এ ধরনের সাফল্যের দাবি গণিতচর্চার জন্য ক্ষতিকর হতে পারে। ওপেনএআই পরবর্তী সময়ে আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যায় সমাধান বা উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে। এসব দাবির সত্যতা যাচাইয়ে কয়েক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।

 

অ্যানথ্রপিকের দাবিটি সত্য প্রমাণিত হলে জটিল গাণিতিক গবেষণায় এআইয়ের ভূমিকা নতুন মাত্রা পাবে। তবে বিশেষজ্ঞদের যাচাই শেষ না হওয়া পর্যন্ত একে রিমান হাইপোথিসিসের সমাধান হিসেবে নিশ্চিতভাবে দেখার সুযোগ নেই।
সূত্র:বাংলাদেশ প্রতিদিন.কম

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার