কাঁচা পেঁয়াজ খেলে শরীরে কী কী সমস্যা হতে পারে? 

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৫৪

সংগৃহীত ছবি 

ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস অনেকের। তারা সালাদেও বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন। আবার অনেকে সিঙ্গারা-সমোচাসহ প্রায় সব খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান। এতে থাকা ভিটামিন সি, ভিটামিন বি৬, ফোলেট, পটাশিয়াম এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। কিন্তু প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস কারও কারও অস্বস্তি আরও বাড়তে পারে। দেখা দিতে পারে নানাবিধ সমস্যা, এমনটাই বলা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে।  

 

মুখে দুর্গন্ধ


কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখে তীব্র গন্ধ হওয়া খুবই পরিচিত সমস্যা। এর পিছনে রয়েছে পেঁয়াজে থাকা সালফার যৌগ। এই যৌগগুলির কারণেই শুধু মুখে নয়, কখনও কখনও নিঃশ্বাসেও পেঁয়াজের গন্ধ থেকে যেতে পারে। ফলে খাওয়ার পর অস্বস্তিতে পড়তে পারেন অনেকেই।

 

পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা


কাঁচা পেঁয়াজে ফ্রুকটান নামে এক ধরনের কার্বোহাইড্রেট থাকে। কিছু মানুষের অন্ত্রে এটি ঠিকমতো হজম হয় না। ফলে অন্ত্রে গ্যাস তৈরি হতে পারে। এতে পেট ফুলে যাওয়া, ভারী লাগা কিংবা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

 

অ্যাসিডিটি ও বুকজ্বালা বাড়তে পারে


যাঁদের আগে থেকেই অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাঁদের কাঁচা পেঁয়াজ খাওয়ার পর অস্বস্তি হতে পারে। বিশেষ করে কিছু সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে পেঁয়াজ খেলে বুকজ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে। তাই খাওয়ার পর শরীর কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, সেদিকে নজর রাখা জরুরি।

 

পেটের ভিতরে মোচড় বা ব্যথা


পেঁয়াজে থাকা ফ্রুকটান শুধু গ্যাসই নয়, কিছু মানুষের ক্ষেত্রে পেটে খিঁচুনি, মোচড় বা ব্যথার কারণও হতে পারে। যাঁদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস রয়েছে, তাঁদের ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খেলে এই ধরনের অস্বস্তি আরও বেশি হতে পারে।

 

ঘন ঘন মলত্যাগ বা ডায়রিয়া


বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর কারও কারও পেটের গোলমাল হতে পারে। পেটে অস্বস্তির পাশাপাশি ঘন ঘন মলত্যাগের প্রবণতাও দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে।

 

অন্ত্রে গুড়গুড় শব্দ ও অস্বস্তি


কাঁচা পেঁয়াজের কিছু উপাদান অন্ত্রে গাঁজন প্রক্রিয়ায় অংশ নেয়। যাঁদের হজমশক্তি সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে এর ফলে পেটে গুড়গুড় শব্দ, গ্যাস জমা কিংবা তলপেটে অস্বস্তি হতে পারে। বিশেষ করে বেশি পরিমাণে পেঁয়াজ খেলে এই সমস্যা টের পেতে পারেন।

 

অ্যালার্জির প্রতিক্রিয়া


পেঁয়াজে অ্যালার্জি খুব একটা সাধারণ নয়। তবে কিছু মানুষের ক্ষেত্রে পেঁয়াজ খাওয়ার পর ত্বকে ফুসকুড়ি, চুলকানি কিংবা শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব দেখা দিতে পারে। শ্বাস নিতে কষ্ট হলে বা গলা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

 

তাহলে কি কাঁচা পেঁয়াজ খাওয়া বন্ধ করবেন?


একেবারেই নয়। কাঁচা পেঁয়াজে বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তবে বেশি খেলেই বেশি উপকার হবে, এমনটা ভাবার কারণ নেই। যাঁদের গ্যাস, অ্যাসিডিটি বা আইবিএসের সমস্যা রয়েছে, তাঁরা কাঁচা পেঁয়াজ খাওয়ার পর শরীরের প্রতিক্রিয়া বুঝে পরিমাণ কমাতে পারেন। বারবার অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
সূত্র: সমকাল .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার