শিশুদের ডায়াবেটিসের ৫টি প্রাথমিক লক্ষণ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৪৮

সংগৃহীত ছবি

ডায়াবেটিসকে সাধারণত বড়দের রোগ মনে করা হলেও শিশুরাও এ রোগে আক্রান্ত হতে পারে। অনেক ক্ষেত্রে রোগের প্রাথমিক লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। আবার কোনো কোনো শিশুর ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে। অতিরিক্ত পানি পান করা, ঘন ঘন প্রস্রাব, স্বাভাবিক খাবার খাওয়ার পরও ওজন কমে যাওয়া কিংবা অস্বাভাবিক ক্লান্তি—এসব লক্ষণকে অনেক সময় অভিভাবকেরা সাধারণ শারীরিক সমস্যা মনে করে এড়িয়ে যান। অথচ এগুলো শিশুর ডায়াবেটিসের প্রাথমিক সতর্কসংকেত হতে পারে।

 

 

শিশুদের ডায়াবেটিসের ক্ষেত্রে সচেতনতা ও সময়মতো রোগ শনাক্ত করা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, শিশুর শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে কয়েকটি লক্ষণ একসঙ্গে দেখা দিলে দ্রুত রক্তে গ্লুকোজ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

 

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর লাইফস্টাইল বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে শিশুদের ডায়াবেটিসের পাঁচটি প্রাথমিক লক্ষণের কথা তুলে ধরা হয়েছে।

 

১. ঘন ঘন প্রস্রাব

 

শিশুর স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাব করা ডায়াবেটিসের অন্যতম প্রাথমিক লক্ষণ। বিশেষ করে রাতে বারবার ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়া কিংবা আগে বিছানা ভেজানোর অভ্যাস না থাকলেও আবার বিছানা ভেজানো বিষয়টি অভিভাবকদের নজরে রাখা উচিত।

 

 

পুনের সূর্য মাদার অ্যান্ড চাইল্ড সুপার স্পেশালিটি হাসপাতালের পরামর্শক শিশু হরমোন বিশেষজ্ঞ ডা. সাজিলি মেহতা হিন্দুস্তান টাইমস-কে জানান, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পানি বের করে দেয়। এ কারণে শিশুর প্রস্রাবের পরিমাণ ও ঘনত্ব বেড়ে যেতে পারে।

 

 

২. অতিরিক্ত তৃষ্ণা

 

শিশু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পানি পান করছে কি না, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। বারবার পানির বোতল খালি করা কিংবা রাতে ঘুম ভেঙে পানি পান করতে চাওয়াও অতিরিক্ত তৃষ্ণার লক্ষণ হতে পারে।

 

 

চিকিৎসক ডা. সাজিলি মেহতার মতে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণে শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যায়। ফলে শিশুর বারবার তৃষ্ণা পেতে পারে এবং সে স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করতে পারে।

 

 

৩. অকারণে ওজন কমে যাওয়া

 

শিশু স্বাভাবিকভাবে খাবার খাওয়ার পরও যদি তার ওজন কমতে থাকে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এমনকি কোনো কোনো শিশুর ক্ষেত্রে ক্ষুধা বেড়ে গেলেও ওজন কমতে পারে।

 

 

ডা. সাজিলি মেহতা জানান, শরীরে পর্যাপ্ত ইনসুলিন না থাকলে কোষগুলো প্রয়োজনীয় শক্তি তৈরির জন্য গ্লুকোজ যথাযথভাবে ব্যবহার করতে পারে না। এ অবস্থায় শরীর শক্তির চাহিদা পূরণে চর্বি ও পেশি ভাঙতে শুরু করে। ফলে শিশুর ওজন কমে যেতে পারে।

 

 

৪. অস্বাভাবিক ক্লান্তি

 

শিশু আগে যেভাবে খেলাধুলা করত, এখন তাতে আগ্রহ হারিয়ে ফেলছে কি না, সেটিও খেয়াল করা জরুরি। পাশাপাশি স্কুলে পড়াশোনায় মনোযোগের ঘাটতি কিংবা সব সময় ক্লান্ত ও অবসন্ন বোধ করাও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

 

 

চিকিৎসক ডা. সাজিলি মেহতার ব্যাখ্যা অনুযায়ী, শরীর যখন গ্লুকোজ কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, তখন শিশুর মধ্যে অস্বাভাবিক ক্লান্তি দেখা দিতে পারে। এ কারণে শিশুর স্বাভাবিক কর্মচাঞ্চল্য কমে যেতে পারে এবং পড়াশোনা বা খেলাধুলায় আগ্রহ হারাতে পারে।

 

 

৫. দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া

 

শিশু যদি আগের তুলনায় ঝাপসা দেখে কিংবা স্পষ্টভাবে দেখতে অসুবিধার কথা জানায়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে সাময়িকভাবে দৃষ্টিশক্তিতে প্রভাব পড়তে পারে।

 

 

ডা. সাজিলি মেহতা জানান, রক্তে শর্করার উচ্চ মাত্রা সাময়িকভাবে চোখের দৃষ্টিতে পরিবর্তন আনতে পারে। ফলে শিশু কোনো কিছু স্পষ্টভাবে দেখতে না পাওয়ার অভিযোগ করতে পারে।

 

 

কখন চিকিৎসকের কাছে যাবেন?

 

শিশুর শরীরে এসব লক্ষণের যেকোনোটি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডা. সাজিলি মেহতার পরামর্শ, এমন লক্ষণ দেখা গেলে একই দিন রক্তের গ্লুকোজ পরীক্ষা এবং চিকিৎসকের মাধ্যমে শারীরিক অবস্থা মূল্যায়ন করানো উচিত।

 

 

তিনি আরও সতর্ক করেছেন, চিকিৎসা না করা হলে বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নামের বিপজ্জনক জটিলতা দেখা দিতে পারে। এ অবস্থায় রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। বমি, পেটব্যথা, দ্রুত বা গভীর শ্বাস নেওয়া এবং অস্বাভাবিক তন্দ্রাচ্ছন্নতা এ জটিলতার সতর্কসংকেত। এসব লক্ষণ দেখা দিলে শিশুকে অবিলম্বে হাসপাতালে নিতে হবে।

 

 

শিশুদের ডায়াবেটিস নিয়ে কিছু ভুল ধারণা

 

ডায়াবেটিসের বিষয়ে অভিভাবকদের একটি ভুল ধারণা হলো, অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণেই শিশুদের এ রোগ হয়। তবে চিকিৎসক ডা. সাজিলি মেহতা জানিয়েছেন, টাইপ-১ ডায়াবেটিস অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে হয় না। এ রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। যেকোনো ওজনের শিশুরই টাইপ-১ ডায়াবেটিস হতে পারে।

 

 

অন্যদিকে, শিশুদের টাইপ-২ ডায়াবেটিসও হতে পারে। এ ক্ষেত্রে শরীর ইনসুলিনের প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারে না, যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। দুই ধরনের ডায়াবেটিসেই প্রায় একই রকম লক্ষণ দেখা দিতে পারে। তবে টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ তুলনামূলক ধীরে প্রকাশ পেতে পারে।

 

 

তবে সময়মতো রোগ শনাক্ত, যথাযথ চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত শিশুরাও সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে পারে বলে জানিয়েছেন ডা. সাজিলি মেহতা।

সূত্র:কালবেলা .কম
 এসএ

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার