শিক্ষক সংকট ও দারিদ্রতায় পিছিয়ে সুনামগঞ্জের শিক্ষা

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৪

সুনামগঞ্জে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার

হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার বর্তমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে সিলেটে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের একটি কনভেনশন হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

 


সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট রাজনীতিক নাসিম হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী। 
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপকমিটির আহ্বায়ক প্রফেসর মো. আব্দুল মান্নান খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার উপকমিটির সদস্য সচিব কাসমির রেজা।

 


অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর ও মো. মুস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় সেমিনারে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পিছিয়ে পড়া এবং এর মধ্যে সুনামগঞ্জ জেলার নাজুক অবস্থানের চিত্র তুলে ধরা হয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জেলায় মোট ১৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২৮৪ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, যা সিলেট বোর্ডের গড় (৫৩.৯০%) ও জাতীয় গড়ের (৫২.১২%) চেয়ে অনেক কম। এ বছর পুরো জেলায় জিপিএ—৫ পেয়েছে মাত্র ৪৬ জন, যার মধ্যে ছাত্র মাত্র ১১ জন।

 


তথ্য বিশ্লেষণে ফলাফলে ছেলেদের পিছিয়ে থাকার বিষয়টিও উঠে আসে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ছিল মাত্র ৩৮ দশমিক ১ শতাংশ। পাসের হারেও ছাত্ররা (৪৩.৩৮%) ছাত্রীদের (৪৭.৫৮%) তুলনায় পিছিয়ে রয়েছে। অন্যদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষাতেও বোর্ডের মধ্যে সুনামগঞ্জের অবস্থান তলানিতে নেমেছে।
তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার পাঁচটি বিদ্যালয়ে পরিচালিত ফোকাস গ্রুপ আলোচনা ও মূল তথ্যদাতার সাক্ষাৎকারের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ড ও সরকারি তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রবন্ধে শিক্ষার মান কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে—পারিবারিক দারিদ্র্য ও শিশুশ্রম, বাল্যবিবাহ, অভিভাবকদের অসচেতনতা, শিক্ষক সংকট ও প্রশিক্ষণের অভাব, কর্তৃপক্ষের তদারকির ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং তরুণদের মধ্যে মাদকাসক্তি।


সংকট উত্তরণে বক্তারা শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হাওরাঞ্চলে বিশেষ বৃত্তি চালু, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানান।

 


আলোচনায় সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জেলার শিক্ষার বর্তমান চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষক সংকট নিরসন ও হাওরাঞ্চলের বিদ্যালয়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। 


সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শিক্ষা সমাজের ভবিষ্যৎ গড়ার ভিত্তি। তিনি অভিভাবক সচেতনতা, বিদ্যালয়ের তদারকি ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্থানীয় প্রশাসন, শিক্ষক ও সমাজের যৌথ উদ্যোগের গুরুত্ব তুলেন। 

 


সংকট উত্তরণে বক্তারা শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হাওরাঞ্চলে বিশেষ বৃত্তি চালু, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোজাককির হোসেন কামালী সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীজনকে ধন্যবাদ জানান এবং সেমিনারের সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার