‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২০:৩৯

হাঁকডাকে ক্রেতা মাতাচ্ছেন জালাল উদ্দীন। মার্কেটের তুলনায় ফুটপাতের দোকানে ঝুঁকছেন ক্রেতারা

‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’ এমন মজার ও ব্যতিক্রমী স্লোগানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারের ফুটপাতের কাপড় বিক্রেতা জালাল উদ্দীন। তার প্রাণবন্ত হাঁকডাকে পথচারীদের অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। 

 


কেউ হাসছেন, কেউবা আগ্রহ নিয়ে পোশাক দেখছেন। এরপর পছন্দমতো নিচ্ছেন শীতের কাপড়। তার এই ব্যতিক্রমী বিক্রির ধরন ফুটপাতের কেনাকাটায় যোগ করেছিল ভিন্নমাত্রা। 
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ শহরে বাড়তে শুরু করেছে শীতবস্ত্রের কেনাকাটা। তবে এবার তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় বড় মার্কেটের চেয়ে ফুটপাতের দোকানগুলোর প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা। বিশেষ করে নিম্নআয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন পরিবারের সদস্যদের জন্য শীতের পোশাক কিনতে ভিড় করছেন এসব অস্থায়ী দোকানে। 

 


শনিবার ও রবিবার সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আলফাত স্কয়ার, কোর্ট পয়েন্ট, ষোলঘর, কাজির পয়েন্ট,  ওয়েজখালী ও আলফাত স্কয়ারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ফুটপাতজুড়ে বসেছে শীতবস্ত্রের দোকান। দোকানগুলোতে শিশুদের পোশাক, ফুলহাতা গেঞ্জি, সোয়েটার, জ্যাকেট, শীতের টুপি, চাদরসহ নানা ধরনের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ২০— ৩০ টাকা থেকে শুরু করে ১০০—৪০০ টাকা দামের পোশাক বিক্রি হচ্ছে। পছন্দের কাপড় বাছাই ও দরদাম করতে দেখা গেছে নারী—পুরুষসহ বিভিন্ন বয়সী ক্রেতাদের। ফুটপাতের এসব দোকানে তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় স্বল্প আয়ের মানুষের কাছে এগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একইসঙ্গে সীমিত বাজেটে পরিবারের একাধিক সদস্যের জন্য শীতের পোশাক কেনার সুযোগ থাকায় মধ্যবিত্ত ক্রেতারাও ঝুঁকছেন এসব দোকানে।

 

 

 

 


শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা আমিরুদ্দিন ফুটপাত থেকে নিজের জন্য একটি জ্যাকেট এবং শিশুদের জন্য একটি প্যান্ট কিনেছেন। তিনি বলেন, ফুটপাত থেকে জ্যাকেটটি ৪০০ টাকায় কিনেছেন। একই ধরনের জ্যাকেট মার্কেট থেকে কিনতে গেলে প্রায় ৬০০ টাকা লাগত। আর প্যান্টটি কিনেছেন ৭০ টাকায়। তিনি বলেন, তুলনামূলক কম দামে পোশাক পাওয়া যায় বলে গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য ফুটপাতের দোকানগুলো বেশ উপকারী।

 


অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন রাবেয়া বেগম। সঙ্গে ছিলেন তাঁর আরও দুই বোন। তিনজন মিলে শহরের আলফাত স্কয়ার এলাকার একটি ফুটপাতের দোকান থেকে দীর্ঘক্ষণ পোশাক যাচাই—বাছাই করে ছয়টি ফুলহাতা গেঞ্জি কিনেছেন ৯০০ টাকায়।
রাবেয়া বেগম বলেন, ছয়টি গেঞ্জির দাম ও গুণগত মান তাদের পছন্দ হয়েছে। শীতের কথা চিন্তা করে শিশুদের জন্য এগুলো কিনেছেন। মার্কেট থেকে কিনতে গেলে একই পোশাকের দাম আরও বেশি পড়ত বলে মনে করেন তিনি।

 


ফুটপাতের বিক্রেতা জালাল উদ্দীন বলেন, তারা কম দামে কাপড় বিক্রি করছেন। বেচাকেনাও ভালো হচ্ছে। বিশেষ করে ৩০ টাকায় শিশুদের পোশাক বিক্রি হচ্ছে। গরিব মানুষের কথা চিন্তা করেই কম দামে এসব কাপড় সংগ্রহ করেছেন বলে জানান তিনি।

 


আরেক ফুটপাত ব্যবসায়ী রুহান মিয়া বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তারা শীতের পোশাক বিক্রি করছেন। মূলত নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করেই এসব পোশাক সংগ্রহ করেছেন। তার ভাষ্য, অনেক ক্রেতাই দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ। তাদের কাছে বেশি দাম চাওয়া যায় না। তাই যতটুকু সম্ভব কম লাভে পোশাক বিক্রি করছেন তারা।
তবে ফুটপাতের বাজারে ক্রেতাদের আনাগোনা বাড়লেও শহরের বড় মার্কেটগুলোর ব্যবসায়ীদের মধ্যে রয়েছে কিছুটা হতাশা। তাদের দাবি, ক্রেতারা দোকানে আসছেন, পোশাক দেখছেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিনছেন না। 

 


দোজা মার্কেটের গাউসিয়া ব্রাঞ্চের ম্যানেজার রাজিব হাসান কাসেম বলেন, ক্রেতা আসছেন, তবে সেই অনুপাতে বিক্রি হচ্ছে না। অনেকেই পোশাক দেখে দাম যাচাই করে চলে যাচ্ছেন। গত বছর এ সময়ে বেচাকেনা ভালো হলেও এবার তুলনামূলক কম।
একইচিত্রের কথা জানিয়েছেন নিউ টপ কালেকশনের প্রোপ্রাইটর রাসেল মিয়া। তিনি বলেন, শীত আসতে শুরু করলেও শীতের পোশাক বিক্রি তেমন হচ্ছে না। বেচাকেনার অবস্থা খুবই খারাপ। এবছর এখনো শীতের পোশাকের পর্যাপ্ত নতুন সংগ্রহও আসেনি। ক্রেতাদের উপস্থিতি কম থাকায় নতুন করে বেশি মালামাল আনতেও আগ্রহ পাচ্ছেন না তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার