অপচিকিৎসার অপতৎপরতা থেকে সাবধান

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:১৮

কুচিকিৎসা ও অপচিকিৎসার দাপট থেকে যে আমাদের জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনও মুক্ত হতে পারেনি তার প্রমাণ শুক্রবার তাহিরপুর উপজেলা সদরে জনৈক ভণ্ড কবিরাজের নিকট আসা রোগির ভিড়। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, ওই তথাকথিত চিকিৎসকের নিকট বাক প্রতিবন্ধিকতা ও শারীরিক প্রতিবন্ধিকতা ঝাড়ফঁুকের মাধ্যমে সুস্থ হওয়ার খবরে প্রচুর লোক সমাগম হয়।  রোগিদের ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খাওয়ার অবস্থা তৈরি হয়েছিলো। প্রায় হাজার খানেক লোক নাকি সুস্থ্য হতে বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন।  তিনি উপজেলা পরিষদে অবস্থিত সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে বসে এই চিকিৎসা দিচ্ছিলেন। পরে এ নিয়ে প্রবল আলোচনা—সমালোচনা শুরু হলে একপর্যায়ে ভণ্ড ওই ব্যক্তিকে বিদায় করা হয়। ওই ভণ্ড চিকিৎসকের নাম জয়নাল আবেদীন। ‘আবেদীন ব্লগ’ ও ‘আবেদীন ব্লগার ০২’ নামে দুইটি পেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালনা করেন তিনি। সম্ভবত ওই ব্লগের প্রচারণা শুনেই কুসংস্কারে বিশ^াসী লোকজনের ব্যাপক উপস্থিতি ঘটেছিলো ওখানে। বিশেষ করে উপজেলা পরিষদের একটি দায়িত্বশীল কক্ষে এই ধরনের অপচর্চার সুযোগ পাওয়ার বিষয়টিও অন্ধবিশ^াসী মানুষের মনে আস্থা স্থাপন করতে পেরেছিলো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার যুগে এই ধরনের অন্ধবিশ^াস থাকতে পারে তা অকল্পনীয় হলেও বাংলাদেশের আর্থ—সামাজিক বাস্তবতায় যে এ রকম অন্ধবিশ^াসের বিপুল ব্যাপ্তি রয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে তা শুনে ও দেখে আশ্চর্য হতে হয়। বাকপ্রতিবন্ধিতা বা শারীরিক প্রতিবন্ধিতা বিশেষ শরীরবৃত্তিয় বিষয়। জন্মগতভাবে যাঁরা বাকপ্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী তাঁদের সুস্থ্য করার মতো কোনো চিকিৎসাপদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এসব প্রতিবন্ধীদের সমাজের মূল ধারার সাথে আত্তীকৃত করাসহ তাঁদের জীবনকে সহনশীল করতে নানা ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি এখন পাওয়া যায়। সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে থেরাপি, সহায়ক যন্ত্র, প্রশিক্ষণ এবং ক্ষেত্রবিশেষে অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর কর্মক্ষমতা ও জীবনমানের উন্নতি ঘটানো সম্ভব। কিন্তু আমাদের দেশে যেখানে সাধারণ চিকিৎসা লাভই দুরূহ সেখানে এই ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবাকে সহজলভ্য করার প্রশ্নই আসে না। ফলে এইসব প্রতিবন্ধকতার শিকার রোগীদের সারা জীবনই কষ্টে কাটাতে হয়। দেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সংকটের গর্ভ থেকেই জন্ম নেয় অন্ধবিশ^াস, অপচিকিৎসা ও কুচিকিৎসা। কথার জাদুতে ভুলিয়ে সাময়িকভাবে সম্মোহিত করার মাধ্যমে ভণ্ড ব্যক্তিরা নিজেদের কৃতিত্ব জাহির করতে চায়। তথাকথিত কবিরাজ জয়নাল আবেদীন এ রকমেরই একজন প্রতারক। 

 


মানবসভ্যতার বিকাশ ঘটেছে সকল ধরনের কুসংস্কার ও অন্ধবিশ^াসকে পরাজিত করে। বিজ্ঞান প্রতিনিয়ত মানুষকে নতুন নতুন সত্যের সন্ধান দিচ্ছে। চিকিৎসাবিজ্ঞানেরও অভাবনীয় উন্নতি ঘটেছে। আগে যেসব মহামারি জনপদ বিধ্বংস করে দিতো সেইসব মহামারি এখন মানুষের নিয়ন্ত্রণে। বহু জটিল রোগের ওষুধ ও চিকিৎসাপদ্ধতি এসেছে। শল্যচিকিৎসায় ঘটেছে বহু অগ্রগতি। ক্যানসারের মতো রোগও এখন অনেকক্ষেত্রে নিরাময়যোগ্য। চিকিৎসা বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমাদের জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও তথাকথিত ভণ্ড কবিরাজ কিংবা প্রতারক ব্যক্তিদের কাছে জিম্মি থাকবে তা কাম্য নয়। মানুষের সচেতনতা বাড়ানোর কাজটি একক কোনো ব্যক্তি ও সংগঠনের নয়। সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমেই মানুষের অন্ধবিশ^াস ও কুসংস্কার দূর করতে হয়। পরিতাপের বিষয় আমাদের সমাজে বিজ্ঞানমনস্কতা জাগ্রত করার অভাব প্রবাল। মানুষের আর্থিক ক্ষমতা সীমাবদ্ধ থাকায় আধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণে অপারগতা রয়েছে। রয়েছে শিক্ষার অভাব। শিক্ষায়ও অনেক গলদ আছে। শিক্ষার মান ও পরিমাণের ঘাটতিও মানুষের ভিতর অন্ধ বিশ^াসের অনুপ্রবেশ ঘটায়। রাষ্ট্রকে সার্বিক অর্থে উন্নতি ও প্রগতির ধারায় যুক্ত করতে হলে শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করতে হবে সবার আগে। মানুষ যখন নিজে সবকিছু জানতে ও বুঝতে সক্ষম হবে তখন সে নিজে নিজেই করণীয় ঠিক করতে সক্ষম হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওই জায়গায় উন্নীত করা আশু প্রয়োজন। 

 


তাহিরপুরে জয়নাল আবেদীন নামক ব্যক্তির যে আবির্ভাব তা কেবল একটি এলাকায় সীমাবদ্ধ নয়। এবং এই ধরনের ভণ্ড তিনি একাই নন। সারা দেশে এ ধরনের অসংখ্য ভণ্ডের মায়াজাল বিছানো আছে। আমাদের সরল মানুষ সেই মায়াজালে আটকে পড়ে অশেষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে যেমন সমাজসচেতনতামূলক উদ্যোগ দরকার তেমনি চিকিৎসা, শিক্ষা ও মানবসম্পদ তৈরির বিষয়েও রাষ্ট্রকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবাইকে এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে অপচিকিৎসা বা কুচিকিৎসা অপকার ছাড়া আর কিছুই করতে পারে না।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার