মুক্তমত

কর রেয়াত ও কর অব্যাহতির আইনি সুবিধা জানেন কি?

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:০৭

বর্তমান ডিজিটাল যুগে অনেক করদাতার মুখে একটি প্রশ্ন প্রায়ই শোনা যায়—কম্পিউটারের দোকানে মাত্র ৫০০ টাকায় আয়কর রিটার্ন জমা দেওয়া যায়, তাহলে একজন আয়কর আইনজীবীর কাছে ৩,০০০ টাকা দিয়ে রিটার্ন করাব কেন? প্রশ্নটি স্বাভাবিক। প্রত্যেক করদাতাই তাঁর অর্থের যথাযথ মূল্য পেতে চান। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে—আয়কর রিটার্ন শুধু কম্পিউটারে কয়েকটি তথ্য পূরণ করে অনলাইনে সাবমিট করার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ, দায়, বিনিয়োগ, কর—রেয়াত এবং আইনগত অধিকার।

 


আয়কর আইন, ২০২৩—এর ধারা ৭৬: কর অব্যাহতি। এই ধারায় সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণির ব্যক্তি বা নির্দিষ্ট আয়কে কর অব্যাহতি দেওয়ার বিধান করতে পারে। অর্থাৎ কোন আয় করমুক্ত এবং কোন শর্তে করমুক্ত, তা আইন ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হয়। একজন দক্ষ কর পেশাজীবী করদাতার আয়ের উৎস যাচাই করে প্রযোজ্য অব্যাহতির বিষয়টি শনাক্ত করতে সহায়তা করতে পারেন।
ধারা ৭৭: মোট আয় থেকে বাদ। আয়কর আইন, ২০২৩—এর ধারা ৭৭ এবং ষষ্ঠ তফসিলের অংশ ১ অনুযায়ী নির্ধারিত শর্তে কিছু আয় মোট আয় গণনা থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। তবে এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে আয়ের উৎস, প্রকৃতি এবং আইনে নির্ধারিত শর্ত পূরণ করা জরুরি। শুধু ইচ্ছা করলেই কোনো আয় করমুক্ত বা মোট আয় থেকে বাদ দেওয়া যায় না।

 


ধারা ৭৮: বিনিয়োগের বিপরীতে কর রেয়াত। একজন যোগ্য স্বাভাবিক ব্যক্তি করদাতা নির্ধারিত শর্ত ও সীমা অনুযায়ী অনুমোদিত বিনিয়োগ ও ব্যয়ের বিপরীতে কর রেয়াত পেতে পারেন। ষষ্ঠ তফসিলের অংশ ৩—এ যোগ্য বিনিয়োগ ও ব্যয়ের বিবরণ রয়েছে। জীবনবিমা, অনুমোদিত সঞ্চয় ও অন্যান্য যোগ্য বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য বিধান যাচাই করা প্রয়োজন। করদাতার প্রকৃত বিনিয়োগ, প্রযোজ্য সীমা ও সংশ্লিষ্ট হিসাব পর্যালোচনা করে একজন দক্ষ কর পেশাজীবী প্রাপ্য কর রেয়াত নিরূপণে সহায়তা করতে পারেন।
ধারা ৩২৭: অনুমোদিত প্রতিনিধি। এই ধারায় নির্ধারিত যোগ্যতা ও শর্তসাপেক্ষে করদাতা আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে তাঁর পক্ষে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। আইনস্বীকৃত যোগ্যতাসম্পন্ন আয়কর আইনজীবীর পেশাগত ভূমিকার এটি একটি গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ তাঁর কাজ শুধু রিটার্ন প্রস্তুত করা নয়; প্রয়োজন অনুযায়ী করসংক্রান্ত আইনগত কার্যক্রমেও সহায়তা করা।

 


এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন—কোনো আয়কর আইনজীবী নিজে ইচ্ছামতো কর মওকুফ বা রেয়াত মঞ্জুর করতে পারেন না। কর অব্যাহতি, কর রেয়াত কিংবা করের ছাড় আইন ও নির্ধারিত বিধান অনুযায়ী প্রাপ্য হয়। একজন কর আইনজীবীর দায়িত্ব হলো করদাতার প্রকৃত আর্থিক তথ্য বিশ্লেষণ করে আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা শনাক্ত করা এবং যথাযথভাবে তা দাবি করতে সহায়তা করা।

 


তাহলে ৫০০ টাকা ও ৩,০০০ টাকার পার্থক্য কোথায়? একজন পেশাজীবীর সেবার মধ্যে থাকতে পারে আয়—ব্যয়ের বিশ্লেষণ, সম্পদ ও দায় যাচাই, পূর্ববর্তী বছরের রিটার্নের সঙ্গে তুলনা, কর হিসাব, প্রযোজ্য কর—রেয়াত নিরূপণ, প্রয়োজনীয় দলিলপত্র পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর—জটিলতা সম্পর্কে পরামর্শ। অন্যদিকে শুধু তথ্য এন্ট্রি ও অনলাইনে রিটার্ন সাবমিট করার সেবা তুলনামূলকভাবে সীমিত হতে পারে। অবশ্য পারিশ্রমিক নির্ভর করে কাজের পরিধি, জটিলতা ও প্রদত্ত সেবার ওপর। আইন কোনো নির্দিষ্ট ৩,০০০ টাকা ফি বাধ্যতামূলক করেনি।

 


কম্পিউটারের দোকান বা প্রযুক্তিগত সেবাদানকারী প্রতিষ্ঠানকে ছোট করে দেখার প্রয়োজন নেই। তাঁদেরও ডিজিটাল সেবা প্রদানে ভূমিকা রয়েছে। তবে যিনি আপনার রিটার্ন প্রস্তুত করছেন, তাঁর আয়কর আইন সম্পর্কে জ্ঞান, যোগ্যতা, অভিজ্ঞতা এবং পেশাগত দায়িত্বশীলতা যাচাই করা প্রত্যেক করদাতার অধিকার।
প্রিয় করদাতা, শুধু কম খরচের কথা বিবেচনা না করে আপনার রিটার্ন কে প্রস্তুত করছেন, কীভাবে আপনার আয় ও সম্পদের হিসাব যাচাই করছেন এবং আইন অনুযায়ী আপনার প্রাপ্য সুবিধাগুলো বিবেচনা করছেন কি না, তা নিশ্চিত করুন। কারণ আয়কর রিটার্ন শুধু একটি অনলাইন ফরম নয়; এটি আপনার আর্থিক স্বচ্ছতা, আইনগত দায়িত্ব ও ভবিষ্যৎ আর্থিক জীবনের গুরুত্বপূর্ণ দলিল।

 


সুতরাং প্রশ্নটি শুধু ৫০০ টাকা দেব, নাকি ৩,০০০ টাকা দেব—এমন নয়। প্রকৃত প্রশ্ন হলো, আপনি কি শুধু একটি রিটার্ন সাবমিট করতে চান, নাকি সঠিক হিসাব, আইনসম্মত কর—সুবিধা এবং দায়িত্বশীল পেশাগত পরামর্শসহ রিটার্ন প্রস্তুত করতে চান?

 


লেখক : কর আইনজীবী, অডিটর —কার্যনির্বাহী কমিটি ২০২৬—২০২৭, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতি সুনামগঞ্জ

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার