প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:০২
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরাই একদিন দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাদের মধ্য থেকেই কেউ হবে চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ প্রকৌশলী, কেউবা দেশ গড়ার কারিগর। কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেখতে হলে ছোটবেলা থেকেই সেই স্বপ্নের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। বিশেষ করে চিকিৎসক হওয়ার মতো মহৎ পেশার প্রতি শিশুদের আগ্রহ ও অনুপ্রেরণা তৈরিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ‘খুদে ডাক্তার’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ডাক্তারদের প্রাথমিক স্বাস্থ্যশিক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। এ উদ্যোগ শুধু শিশুদের প্রাথমিক স্বাস্থ্যজ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেনি; বরং তাদের মধ্যে চিকিৎসাসেবার প্রতি আগ্রহ, মানবিকতা ও ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্নও জাগিয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে।
একজন শিক্ষার্থী যখন বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করে তখন তার কাছে বিষয়টি নিছক একটি দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সে চিকিৎসকদের কাজ সম্পর্কে জানার সুযোগ পায়। স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা বুঝতে শিখে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার অনুপ্রেরণা পায়। সাদা অ্যাপ্রন বা হোয়াইট কোট পরা একজন খুদে শিক্ষার্থীর মনে হয়তো তখনই জন্ম নিতে পারে বড় হয়ে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নই একদিন তাকে অধ্যবসায়ী হতে, ভালোভাবে পড়াশোনা করতে এবং নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে উৎসাহিত করতে পারে।
আমরা প্রায়ই দেখি, ছোটবেলায় কোনো পেশার মানুষের কাজ কাছ থেকে দেখার অভিজ্ঞতা শিশুদের মনে গভীর প্রভাব ফেলে। কেউ শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষক হতে চায়, কেউ চিকিৎসকের সেবা দেখে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। খুদে ডাক্তার কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসাসেবার সঙ্গে প্রাথমিকভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। তাদের সামনে চিকিৎসা পেশার একটি ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এ অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের পেশা নির্বাচনের ক্ষেত্রেও অনুপ্রেরণা জোগাতে পারে।
তবে এ কর্মসূচির গুরুত্ব শুধু চিকিৎসক হওয়ার স্বপ্ন তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে শিশুরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশুদ্ধ পানি পান, নিয়মিত হাত ধোয়া, নখ পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে জানতে পারে। একজন খুদে ডাক্তার নিজে সচেতন হওয়ার পাশাপাশি তার সহপাঠীদেরও সচেতন করতে পারে। ফলে বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সেই সচেতনতা পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়।
এ কর্মসূচি শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশেও সহায়ক হতে পারে। সহপাঠীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা, তাদের সহযোগিতা করা এবং শিক্ষকদের নির্দেশনায় বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার মধ্য দিয়ে শিশুরা দলগতভাবে কাজ করতে শিখে। অন্যের প্রতি সহমর্মিতা ও মানুষের সেবায় এগিয়ে আসার মানসিকতাও তৈরি হয়। একজন ভালো চিকিৎসক হওয়ার জন্য শুধু চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সেবার মনোভাবও প্রয়োজন। খুদে ডাক্তার কর্মসূচি শিশুদের মধ্যে সেই মানবিক বোধের প্রাথমিক ভিত্তি গড়ে তুলতে পারে।
এ উদ্যোগের প্রকৃত সুফল পেতে হলে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটি বিদ্যালয়ের খুদে ডাক্তারদের কর্মশালায় অন্তভূর্ক্ত করা উচিত। তবে বিষয়টি কর্মশালা আয়োজনের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা যাবে না। খুদে ডাক্তারদের নিয়মিত প্রশিক্ষণ, উৎসাহ ও তদারকির ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিদ্যালয়ে গিয়ে শিশুদের সঙ্গে মতবিনিময় করতে পারেন। চিকিৎসকদের কর্মজীবন, দায়িত্ব ও মানবসেবার অভিজ্ঞতা তাদের সামনে তুলে ধরতে পারেন। এতে শিশুদের আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও এ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
মনে রাখতে হবে, খুদে ডাক্তারদের দিয়ে চিকিৎসকের কাজ করানো এ কর্মসূচির উদ্দেশ্য নয়; বরং স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস তৈরি করা এবং চিকিৎসাসেবার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এর মূল লক্ষ্য। শিশুদের বয়স ও সক্ষমতা অনুযায়ী দায়িত্ব দিতে হবে এবং কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে শিক্ষক কিংবা অভিভাবকের মাধ্যমে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ উদ্যোগকে তাই কেবল একটি কর্মশালা হিসেবে দেখার সুযোগ নেই। এটি শিশুদের স্বাস্থ্যশিক্ষা, ব্যক্তিত্ব বিকাশ এবং ভবিষ্যৎ পেশাগত স্বপ্ন তৈরির একটি সম্ভাবনাময় উদ্যোগ। এমন আয়োজন নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হলে এর সুফল বিদ্যালয়, পরিবার ও সমাজে ছড়িয়ে পড়বে।
আজ যারা বিদ্যালয়ের মাঠে কিংবা শ্রেণিকক্ষে খুদে ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছে তাদের মধ্য থেকেই হয়তো একদিন কেউ দেশের নামকরা চিকিৎসক হয়ে উঠবে। হয়তো কোনো এক প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করবে। আবার কেউ চিকিৎসক না হলেও একজন স্বাস্থ্যসচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে সমাজে অবদান রাখবে।
আমরা জানি না, আজকের খুদে ডাক্তারদের মধ্যে ভবিষ্যতের কতজন চিকিৎসক লুকিয়ে আছে। তবে তাদের স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া, সেই স্বপ্নকে উৎসাহিত করা এবং মানুষের সেবায় নিজেকে গড়ে তোলার প্রাথমিক অনুপ্রেরণা জোগানো ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ কাজ।
লেখক— সাংবাদিক
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন