প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৩
২২ বছর পর প্রধানমন্ত্রীর আগমন
প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ‘কান্ট্রিগেমস—২০২৬’ উদ্বোধন করবেন তিনি। এ সফর ঘিরে ক্রীড়া উৎসবের পাশাপাশি সুনামগঞ্জের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও নাগরিক সমস্যার সমাধানের প্রত্যাশা করছেন জেলাবাসী। সুনামগঞ্জ—সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণ, রেললাইন সম্প্রসারণ, ধারারগাঁও সেতু নির্মাণ ও হাওরের ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধানের দাবি জানান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ। দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার ও ডিজিটাল ইনচার্জ সাইদুর রহমান আসাদ।
দৈনিক সুনামগঞ্জের খবর: প্রায় ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন। তাঁর এই সফরকে কীভাবে দেখছেন?
নাদীর আহমদ: আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। গত শুক্রবার সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল জেলা বিএনপির নেতাদের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানান। পরে রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জেলার সংসদ সদস্যদের নিয়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি। তাঁর এই সফর সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি সুযোগ তৈরি করবে বলে আশা করছি।
দৈনিক সুনামগঞ্জের খবর: ‘কান্ট্রিগেমস—২০২৬’ আয়োজনের মধ্য দিয়ে দেশীয় ও হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবনে কতটা ভূমিকা রাখা সম্ভব?
নাদীর আহমদ: আমাদের শৈশব ও কৈশোরের অনেক খেলাধুলা এখন হারিয়ে যেতে বসেছে। এসব খেলা শুধু বিনোদনের মাধ্যম ছিল না; মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরিতেও ভূমিকা রাখত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে এ উদ্যোগ নিয়েছেন বলে মনে করি। সুনামগঞ্জের ভাইয়াপি কুস্তি অত্যন্ত জনপ্রিয়। এ খেলা দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয়। এ ছাড়া হাডুডু, গোল্লাছুট ও ডাংগুলি আমাদের ঐতিহ্যের অংশ। ক্রীড়া উৎসবের মাধ্যমে এসব খেলার প্রসার ঘটবে এবং নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে মাঠ ও অবকাঠামোগত সংকট রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে কী প্রত্যাশা থাকবে?
নাদীর আহমদ: আমাদের কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আছে। কিন্তু মাঠ ও প্রয়োজনীয় সুযোগ—সুবিধার অভাবে তারা সেই আগ্রহ কাজে লাগাতে পারছে না। জেলা স্টেডিয়ামের পাশাপাশি শহরের ষোলঘর মাঠের উন্নয়ন প্রয়োজন। ষোলঘর মাঠকে সারা বছর খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।
দৈনিক সুনামগঞ্জের খবর: দীর্ঘদিন ধরে সুনামগঞ্জকে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত জেলা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে কোন দাবিগুলোকে অগ্রাধিকার দিতে চান?
নাদীর আহমদ: আমাদের প্রধান দাবি সুনামগঞ্জ—সিলেট সড়ক চার লেনে উন্নীত করা। দীর্ঘদিন ধরে এই সড়কে দুর্ঘটনা ও যানজটের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। দ্বিতীয়ত, ছাতক থেকে সুনামগঞ্জ সদর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করতে হবে। ব্রিটিশ আমল থেকে ছাতকে রেললাইন থাকলেও প্রায় ৩০—৩১ কিলোমিটার সম্প্রসারণ করে জেলা সদরে রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় নি। এছাড়া সুরমা নদীর উত্তরপাড়ের মানুষের যোগাযোগ সহজ করতে ধারারগাঁও এলাকায় সেতু নির্মাণের দাবিও জানাব। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: হাওরের ফসল রক্ষা বাঁধ, কৃষি ও গ্রামীণ অবকাঠামো নিয়ে আপনাদের প্রত্যাশা কী?
নাদীর আহমদ: হাওরের কৃষকেরা প্রতিবছর ফসল ঘরে তোলা নিয়ে আতঙ্কে থাকেন। ফসল রক্ষা বাঁধের দুর্বলতা ও নানা সমস্যার কারণে তাঁদের দুর্ভোগ পোহাতে হয়। আমরা চাই, বাঁধের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে এসব বিষয় সরাসরি জড়িত।
দৈনিক সুনামগঞ্জের খবর: প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতা—কর্মীদের মধ্যে কেমন উৎসাহ—উদ্দীপনা কাজ করছে?
নাদীর আহমদ: ২০০৪ সালে প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে এসেছিলেন। সে বছর ভয়াবহ বন্যার সময় আগস্টে ত্রাণ বিতরণ এবং বছরের শেষ দিকে শীতবস্ত্র বিতরণের জন্য তিনি সুনামগঞ্জ সফর করেন। তখন মানুষের প্রতি তাঁর আন্তরিকতা দেখেছি। সুনামগঞ্জবাসীর প্রতি তাঁর আলাদা স্নেহ রয়েছে বলে আমরা মনে করি। দীর্ঘদিন পর তাঁর আগমনে জেলা বিএনপিসহ সর্বস্তরের নেতা—কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। আমরা আশাবাদী, তাঁর এই সফরের মধ্য দিয়ে সুনামগঞ্জের দীর্ঘদিনের দাবিগুলো গুরুত্ব পাবে এবং উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: সফরের পর উন্নয়নের প্রতিশ্রম্নতিগুলো বাস্তবায়নে আপনাদের ভূমিকা কী থাকবে?
নাদীর আহমদ: আমরা চাই, সুনামগঞ্জের মানুষের প্রত্যাশা ও দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে যথাযথভাবে তুলে ধরতে। ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়নে স্থানীয় নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জেলার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন