প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪
দিরাইয়ে প্রান্তিক, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর আর্থ—সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ৬৭ জন উপকারভোগীর মধ্যে ২৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঋণের অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস), পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আরএমসি) এবং দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় উপজেলার ছয়টি দলের ৬৭ জন সদস্যকে এ ঋণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাব্বির সারোয়ার, ফিল্ড সুপারভাইজার রাজীব চন্দ্র সরকার, ইউনিয়ন সমাজকর্মী বিদ্বান কুমার দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
জানা যায়, পল্লী সমাজসেবা ও মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা, কৃষি ও অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডে এ অর্থ বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীদের পারিবারিক আয় বাড়ানোর পাশাপাশি দারিদ্র্য হ্রাসেও ভূমিকা রাখতে পারে।
সমাজসেবা অধিদপ্তরের এসব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সনজীব সরকার বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। সুদমুক্ত ক্ষুদ্রঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন। এ ক্ষেত্রে ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার ও নির্ধারিত সময়ে পরিশোধের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন