প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৫
সুনামগঞ্জ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের শিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন তুলে দেওয়া হয়।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও বেসরকারি উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)—এর যৌথ উদ্যোগে এই সামাজিক নিরীক্ষা পরিচালিত হয়। জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে এবং সিপিডির বাস্তবায়নে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (ঈঊঋ)’ কর্মসূচির আওতায় গত বছর জেলার চারটি উপজেলায়—সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজারে এই সামাজিক নিরীক্ষা চালানো হয়। এর মাধ্যমে নারীর শিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সেবাপ্রাপ্তির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
এর আগে গত ১৩ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারীর শিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রতিনিধি ও নাগরিক দলের সদস্যরা অংশ নেন। সভায় প্রাপ্ত মতামত ও পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশমালা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।
প্রতিবেদন হস্তান্তরকালে ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান এবং ফিল্ড কো—অর্ডিনেটর তৃপ্তি দে উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন