জলবায়ু উদ্বাস্তু নারীদের জন্য পৃথক পুনর্বাসন নীতি প্রণয়ন করতে হবে

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২০:৫২

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। একইসঙ্গে জলবায়ু উদ্বাস্তু নারীদের জন্য পৃথক পুনর্বাসন নীতি প্রণয়ন এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নারীবান্ধব সুযোগ—সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

 


শুক্রবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

 


বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্যে্যর সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সন্ধ্যা তালুকদার। স্বাগত বক্তব্য দেন— মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশরাফী সম্পা।
কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী চৌধুরী, মহিলা পরিষদের সাবেক সভাপতি শিলা রায়।  অতিথি হিসেবে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেন, লেখক ও গবেষক সুখেন্দু সেন। এ ছাড়া তৃণমূল পর্যায়ে কাজ করা নারীদের পক্ষে বক্তব্য দেন তাসলিমা বেগম, মায়া রানী, রেহেনা বেগম, শামসুন্নাহার ও জয়লক্ষ্মী বর্মণ প্রমুখ।

 


কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি, কৃষি ও অকৃষি খাতে নারীদের ভূমিকা, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা নানা ধরনের বৈষম্য ও সংকটের মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে জলবায়ু উদ্বাস্তু নারীদের পুনর্বাসনে পৃথক নীতি গ্রহণ করা জরুরি। প্রতিটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নারীবান্ধব শৌচাগার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্যানিটারি ন্যাপকিনের প্রাপ্যতা বাধ্যতামূলক করতে হবে।

 


বক্তারা আরও বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে নারীর মানবাধিকারের ক্ষেত্রে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হয়েছে। এ বৈষম্য দূর করতে সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি সরকারি সহযোগিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কৃষি ও অকৃষি—উভয় খাতেই নারীদের ব্যাপক অবদান থাকলেও তাঁরা এখনো যথাযথ মর্যাদা, সুযোগ—সুবিধা ও স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন। পানি, খাদ্য ও জীবিকা রক্ষায় গ্রামীণ নারীদের অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

 


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো গেলে তাঁরা নিজেদের পরিবার ও সমাজের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

 


এজন্য নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এতে একদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা সহজ হবে, অন্যদিকে নারীদের আর্থিক সক্ষমতা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
কর্মশালায় বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি—পেশার নারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার