প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২১:০২
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও পরিবেশবান্ধব করতে কঠোর বিধান যুক্ত করে ‘ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেল ৩ সেপ্টেম্বর জারি করা এই বিধিমালাটি ১১ নভেম্বর (২০২৬) সংশোধনীর মাধ্যমে হালনাগাদ করা হয়েছে। নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারণায় সব ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—এর অপব্যবহার রোধ এবং বিধি লঙ্ঘনে তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, নির্বাচনি প্রচারণায় কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের (পিভিসি) মতো পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহার করা যাবে না। ব্যানার, লিফলেট ও ফেস্টুন হতে হবে সাদাকালো রঙের। এছাড়া দেওয়াল, গাছ, বৈদ্যুতিক খুঁটি বা যানবাহনে কোনো প্রচারপত্র সাঁটানো কিংবা দেওয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন, তবে প্রচার শুরুর আগেই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট আইডি ও ই—মেইলসহ শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় হওয়া অর্থ প্রার্থীর নির্ধারিত নির্বাচনি ব্যয়সীমার অন্তর্ভুক্ত হবে। বিধিমালায় স্পষ্ট বলা হয়েছে, নির্বাচনে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো প্রার্থীর চরিত্র হনন, চেহারা বিকৃত করা, ভুয়া তথ্য বা ঘৃণাত্মক বক্তব্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না। জনসংযোগ, পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। পথসভা বা ঘরোয়া সভার অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করতে হবে।
একটি ওয়ার্ডে একের অধিক মাইক ব্যবহার করা যাবে না। দুপুর ১২টার আগে এবং সূর্যাস্তের পর মাইক বাজানো নিষিদ্ধ, আর শব্দের মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।
চেয়ারম্যান প্রার্থীরা সর্বোচ্চ ৩টি এবং সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীরা ১টি করে নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবেন। ক্যাম্পে টিভি, প্রজেক্টর বা এলইডি ডিসপ্লে ব্যবহার নিষিদ্ধ এবং ভোটারদের কোনো খাবার বা উপঢৌকন দেওয়া যাবে না। এছাড়া প্রতি ওয়ার্ডে সর্বোচ্চ ১টি বিলবোর্ড (অনধিক ১৬ ফুট দ্ধ ৯ ফুট) ব্যবহার করা যাবে।
মনোনয়নপত্র দাখিলের সময় ৫ জনের বেশি সমর্থক নিয়ে যাওয়া যাবে না এবং কোনো ধরনের শোডাউন বা মশাল মিছিল করা যাবে না। প্রচারণায় হেলিকপ্টার বা আকাশযান ব্যবহার নিষিদ্ধ। তবে দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি ভ্রাম্যমাণ ক্যারাভ্যানে প্রচারণা চালানো যাবে।
ভোটারদের প্রভাবিত করতে তাদের এনআইডি নম্বর কিংবা বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর সংগ্রহ করা যাবে না।
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন—পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়া সরকারি, আধা—সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন, ভিত্তিপ্রস্তর স্থাপন বা অনুদান ঘোষণা করা যাবে না। কোনো প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকলে নির্বাচনকালীন সময়ে এর কোনো সভায় অংশ নিতে পারবেন না।
আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া ১১ নভেম্বরের সংশোধনী অনুযায়ী, কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন মর্মে তদন্তে প্রমাণিত হলে নির্বাচন কমিশন তাৎক্ষণিক লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। এই বিধিমালা জারির মাধ্যমে ২০১৬ সালের পূর্ববর্তী আচরণ বিধিমালা রহিত করা হয়েছে।
সুনামগঞ্জে চার ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৮৮ ইউনিয়নে
সুনামগঞ্জ জেলার ৮০ ইউনিয়ন পরিষদে চার ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক ধাপভিত্তিক বিন্যাস তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা—২ অধিশাখার উপ—সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত ‘জেলা ভিত্তিক ধাপের সার—সংক্ষেপ’ অনুযায়ী, জেলার উপজেলা ও ইউনিয়নগুলোকে ১ম থেকে ৪র্থ ধাপে ভাগ করা হয়েছে; তবে ৫ম ধাপে সুনামগঞ্জের কোনো উপজেলা রাখা হয় নি। ২০২৭ সালের ২১ জানুয়ারি ১ম ধাপে (৪টি উপজেলা, ২৫টি ইউনিয়ন): সুনামগঞ্জ সদর (৯), বিশ্বম্ভরপুর (৫) ও তাহিরপুর (৭) ও মধ্যনগর (৪)। ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি ২য় ধাপে (৪টি উপজেলা, ২৫টি ইউনিয়ন): জামালগঞ্জ (৬), দিরাই (৯), শাল্লা (৪) ও ধর্মপাশা (৬)। ২০২৭ সালের ২৯ এপ্রিল ৩য় ধাপে (২টি উপজেলা, ১৬টি ইউনিয়ন): জগন্নাথপুর (৮) ও শান্তিগঞ্জ (৮)। ২০২৭ সালের ১৩ মে ৪র্থ ধাপে (২টি উপজেলা, ২২টি ইউনিয়ন): ছাতক (১৩) ও দোয়ারাবাজার (৯)।
উপজেলার খবর থেকে আরো পড়ুন